সাম্প্রদায়িক শক্তির সঙ্গে চুক্তি ও ৩০ এপ্রিলের মতো ঘটনা ঠেকাতেই দলে সংস্কার প্রয়োজন: আমু
খেলাফত মজলিশের সঙ্গে চুক্তি এবং ৩০ এপ্রিলের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আওয়ামী লীগের সংস্কার প্রয়োজন বলে মনে করেন দলের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য আমির হোসেন আমু।
শুক্রবার সকালে ইস্কাটনের বাসভবনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর একদিন আগেই ওই বাসায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেন গুপ্তসহ কেন্দ্রীয় কমিটির অন্তত ১৩ নেতা সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করেন।
সে বৈঠক শেষে আমির হোসেন আমু জানিয়েছিলেন, দলে সংস্কার প্রস্তাবের একটি খসড়া শেখ হাসিনার কাছে পাঠানো হবে।
হঠাৎ করেই কেন সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করলেন- জানতে চাওয়া হলে শুক্রবার আমু বলেন, “হঠাৎ করে দেখলাম কারও সঙ্গে আলোচনা না করেই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে চুক্তি করা হলো। ৩০ এপ্রিলের ঘোষণার আগে দলের কার্যনির্বাহী সংসদের অনুমোদনও নেওয়া হয়নি। এসবের যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্যই দলের সংস্কার প্রয়োজন।”
“রাজনৈতিক দলগুলো এবং প্রশাসনেরও সংস্কার প্রয়োজন। ঘরোয়া রাজনীতি শুরু হলে কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনা করে এ বিষয়টি চুড়ান্ত করা যাবে,” বলেন তিনি।
সবদিক বিবেচনা করে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা সরকার এখনই তুলে নিতে পারে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
সুধাসদনে প্রবেশে কড়াকড়ি; এদিকে তার বাসায় নেতাকর্মীদের ভিড়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আমির হোসেন আমু বলেন, “আগেও এখানে নেতাকর্মীরা আসতেন। এখানে ওয়ার্কিং কমিটির মিটিং হয়েছে। নেত্রীও এখানে এসেছেন। এখন ওখানে যেতে পারছেন না বলে দলীয় নেতাকর্মীরা এখানে আসছেন। ওখানে যেতে পারলে ওখানেই যাবেন।”
বর্তমান রাজনৈতিক পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান প্রবীণ এ আওয়ামী লীগ নেতা।
সাংবাদিকদের সঙ্গে আলোচনা শেষে আমির হোসেন আমু দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না ও সুলতান মো. মনসুর আহমেদ এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদিকা অধ্যাপক নাজমা রহমানের সঙ্গে বৈঠক করেন।
