বাগেরহাট, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি এম এ এইচ সেলিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা হয়েছে।
২২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে স্থানীয় ঠিকাদার খান মুজিবর রহমান বৃহস্পতিবার রাতে বাগেরহাট থানায় মামলাটি করেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম চৌধুরী জানান।
পুলিশ তিন আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হুদা, ঠিকাদার গোলাম মোস্তফা বলাই ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিমুল আজিম।
মামলার অপর আসামীরা হচ্ছে, সেলিমের ছোট ভাই শাহীন ডাকুয়া, সেলিমের ব্যক্তিগত সহকারী হাসিবুর রহমান, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা বিএনপির সহ-সভাপতি আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক সমশের আলী মোহন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মেহেবুবুল হক কিশোর, যুবদল নেতা রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোল্লা সুজাউদ্দিন সুজন ও ঠিকাদার রকিবুল হাসান।
সাবেক সাংসদ সেলিমসহ এ মামলার নয় জন আসামী এখন কারাগারে রয়েছেন বলে ওসি সিরাজুল জানান।
মামলায় অভিযোগ করা হয়, বাদী ও তার ব্যবসায়িক অংশীদার খুলনার বিএনপি নেতা জলিল খান ২০০৫-০৬ অর্থ বছরে বাগেরহাট এলজিইডির তিনটি কাজ পান। আসামীরা কাজের প্রাক্কলিত মূল্যের শতকরা ১০ ভাগ হারে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সাবেক সাংসদ সেলিমের নির্দেশে অপর আসামীরা জলিল খানকে বাগেরহাট এলজিইডি অফিসে মারধর করে।
তখন বাধ্য হয়ে বাদী সাবেক এমপি সেলিমের সঙ্গে যোগাযোগ করে তার নির্দেশ অনুযায়ী আসামী হাসিব ও কিশোরের কাছে চার কিস্তিতে ১২ লাখ টাকা চাঁদা দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, পৃথকভাবে ১০ লাখ টাকার একটি চেকও চাঁদা হিসেবে দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০২ ঘ.
bdnews24