ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভেতরে গণতান্ত্রিক নিয়ম ও প্রক্রিয়াগুলো এতোদিন অকার্যকর ছিল বলে মন্তব্য করেছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। তার মতে, দলে গণতন্ত্রের চর্চা শুরুর জন্যই সংস্কার প্রয়োজন।
বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেন গুপ্তসহ কেন্দ্রীয় কমিটির অন্তত ১৩ জন নেতা সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আমুর বাসভবনে এক বৈঠকে মিলিত হন।
সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়ীদ, সাবেক সাংসদ আখম জাহাঙ্গীর হোসাইন, সাবেক সাংসদ পঞ্চানন বিশ্বাসসহ আরো কয়েকজন নেতা ওই সভায় উপস্থিত ছিলেন।
স্ত্রীর চিকিৎসার জন্য দীর্ঘদিন সিঙ্গাপুরে অবস্থানের পর আমির হোসেন আমু মঙ্গলবার তিন দিনের জন্য দেশে ফেরেন। বুধবার সকাল থেকেই আওয়ামী লীগ নেতারা তার বাসায় ভিড় করতে শুরু করেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টা থেকে দেড় ঘণ্টার ওই বৈঠক শেষে আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেন গুপ্ত, আবু সাইয়ীদ ও অন্যান্য নেতারা সাংবাদিকদের বলেন, তারা আমুর অসুস্থ স্ত্রীকে দেখতে তার বাসায় এসেছেন।
বৈঠক শেষে আমু সাংবাদিকদের বলেন, "আমরা দেশের বর্তমান অবস্থা পর্যালোচনা করেছি। আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম। দলের নেতারা বিভিন্ন স্থান থেকে আসছেন, তাদের সঙ্গে আলাপ হচ্ছে। আমরা মতবিনিময় করছি।"
তবে তিনি বলেন, "এটা কোনো আনুষ্ঠানিক সভা নয়। তারা আমার স্ত্রীকে দেখতে এসেছিলেন। শনিবার আমি আবারও স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি।"
জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আমু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলোচনার ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যৌথ নেতৃত্বের মাধ্যমে দলকে পরিচালনা করা হবে। এটা সভায় আলোচনা হয়েছে।"
তিনি বলেন, "আওয়ামী লীগে যৌথ নেতৃত্বের কথা আছে। আওয়ামী লীগের প্রেসিডিয়ামের ধারণা হলো যৌথ নেতৃত্ব। কিন্তুএটার কার্যকরিতা কিছুটা ছিল না। অর্থাৎ আওয়ামী লীগের ভেতরে যে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো ছিল সেগুলো কোথাও কোথাও অনুপস্থিত ছিল, বা প্রয়োগ ছিল না।"
দলের সংস্কার প্রসঙ্গে আমু বলেন, "দলকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করা এবং পেশী শক্তি বা কালো টাকা যাতে রাজনীতিকে প্রভাবিত করতে না পারে সে বিষয়গুলো সংস্কার প্রস্তাবে রাখা হবে।"
এই সংস্কার প্রস্তাবের খসড়া শেখ হাসিনার কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/জেকে/জিএনএ/১৮৪১ ঘ.
bdnews24