ভোলা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লালমোহন উপজেলার ফরাসগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সেলিম মৃধাসহ তিন জনকে বুধবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
ইউনিয়নের গাইমারা বেড়িবাঁধ এলাকা থেকে যৌথবাহিনীর একটি দল ইউপি চেয়ারম্যান সেলিম মৃধাকে গ্রেপ্তার করে।
অভিযানে নেতৃত্বদানকারী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার সামসুজ্জামান ভুঁইয়া জানান, সেলিম মৃধার বিরুদ্ধে সন্ত্রাস, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে লালমোহন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেলিম মৃধাকে যৌথবাহিনীর চরফ্যাশন ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
এদিকে দুর্নীতির অভিযোগে বেলা ১১টার দিকে চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ মহিলা মাদ্রাসার শিক্ষক আইয়ুব আলীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এছাড়া চরফ্যাশন বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগে শামসুল হাসান প্রিন্স নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
মাদ্রাসা শিক্ষক ও প্রিন্সকে বিকেলে চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১০ ঘ.
bdnews24