ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শুল্ক ফাঁকি দিয়ে মদ আমদানি করার অভিযোগে ব্যারিস্টার মওদুদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
বুধবার ঢাকার মহানগর সিনিয়র জজ মো. আজিজুল হকের আদালতে সময়ের আবেদন জানান মওদুদের আইনজীবীরা।
আবেদনে বলা হয়, মামলাটি খারিজ চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে এবং তা শুনানির অপেক্ষায় রয়েছে। তাই সাক্ষ্যগ্রহণ তিন সপ্তাহের জন্য মুলতবি রাখা হোক।
তখন বিচারক আজিজুল হক আগামী রোববার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। মামলার বাদীসহ দুই সাক্ষী বুধবার সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির ছিলেন।
গত ১৩ এপ্রিল মওদুদ আহমেদকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার বাসায় পাওয়া যায় ৩২ ক্যান বিয়ার ও ১৬ বোতল বিদেশি মদ।
এ বিষয়ে গুলশান থানায় উপপরিদর্শক মো. কবির হোসেন ওই দিনই মওদুদের বিরুদ্ধে মামলা করেন।
গত ২৫ মে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। এর পর ১৮ জুন মওদুদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৪৩১ ঘ.
bdnews24