চাঁপাইনবাবগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁপাইনবাবগঞ্জের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় বুধবার সকালে শাহজাহান মিয়া জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তখন বিচারক হৃষিকেশ সাহা জামিন আবেদন নাকচ করে সাবেক সাংসদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অপর দুই আসামী আয়নাল হক ও শফিকুল ইসলামকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী গ্রামের পানাউল্লাহ গত ২৩ এপ্রিল রাতে শিবগঞ্জ থানায় শাহজাহান মিয়া এবং বিএনপি কর্মী আয়নাল হক ও শফিকুল ইসলামের বিরুদ্ধে ওই মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪০০ ঘ.
bdnews24