বরিশাল, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বরিশালে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের উওর কোদালদোয়া গ্রামের পাট ক্ষেত থেকে মঙ্গলবার দুপুরে গোপাল চন্দ্র পাণ্ডে (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার বাড়ি একই ইউনিয়নের জনিরপাড়া গ্রামে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের দুই সহোদর খগেন চন্দ্র পান্ডে (৫০) ও বাসুদেব চন্দ্র পাণ্ডেকে (৪৫) আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলামুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, "সোমবার রাতে গোপাল চন্দ্র পাণ্ডে জনিরপাড়া গ্রামের এক আত্মীয়ের বাসা থেকে নিখোঁজ হন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার লাশ পাট ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।"
তিনি আরও জানান, নিহতের গলায় ফাঁসের দাগসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।
নিহতের স্ত্রী দাবি করেছেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই গোপাল পাণ্ডের সঙ্গে তার দুই ভাইয়ের বিরোধ ছিল। এ কারণে তারা বাড়ি ছেড়ে পাশের গ্রাম জনিরপাড়ায় এক আত্মীয়র বাসায় আশ্রয় নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৭১২ ঘ.
bdnews24