ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এবং কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ গঠন করা হয়েছে।
এ মামলায় আগামী ২৬ জুন সাক্ষ্য নেয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় মোহাম্মদ নাসিমকে কাসিমপুর কারাগার থেকে বিশেষ জজ আদালত -- ৩ এ হাজির করার পর বিচারক শাহেদ নূর উদ্দিন অভিযোগ গঠন করার পর এই দিন ধার্য করেন।
এর আগে গত ৩ জুন এ মামলার অভিযোগ গঠনের কথা থাকলেও ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক মালিক আব্দুল্লাহ আল আমীন মামলাটি সংসদ ভবনের বিশেষ আদালত -- ৩ এ পাঠিয়ে দেন। একইসঙ্গে ৬ জুন বিশেষ আদালতে মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য করেন তিনি।
৬ জুন আসামী পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে অভিযোগ গঠনের দিন আবার পিছিয়ে যায়, স্থির করা হয় ১০ জুন। কিন্তু আইনজীবী না পাওয়ায় সেই তারিখও পেছায়, নতুন তারিখ হিসেবে ধার্য করা হয় ১৪ জুন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী থাকার সময় নাসিম ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডকে দরপত্র ছাড়াই তিন লাখ টেলিফোন লাইন স্থাপনের কাজ দেন। ওই ঘটনায় ২০০২ সালের ৮ জানুয়ারি তখনকার দুর্নীতি দমন ব্যুরো মোহাম্মদ নাসিম ও এএইচএস রহমানের বিরুদ্ধে মামলা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এসি/১৬০৬ ঘ.
bdnews24