ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চট্টগ্রামে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পুনর্বাসন এবং দুর্ঘটনার কারণ চিহ্নিত করার জন্য সরকার দুটি কমিটি গঠন করেছে। মঙ্গলবার দুপুরে যোগাযোগ মন্ত্রনালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন। উপজেলা পর্যায়েও একটি করে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এম এ মতিন বলেন, "বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ভিন্ন দুটো কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কমিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে পুনর্বাসন এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কমিটি দুর্ঘটনার কারণ চিহ্নিত করার কাজ করছে।"
এছাড়া উপজেলা পর্যায়েও একটি করে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা। তিনি বলেন, এ কমিটির মূল কাজ ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা। কয়েক দিনের মধ্যেই তারা বিভিন্ন উপজেলার ঝুঁকিপূর্ণ স্থানের রিপোর্ট জমা দেবে।
এম এ মতিন জানান, এখনও চট্টগ্রামে প্রায় পাঁচ থেকে ছয় হাজার পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করছে।
অবৈধভাবে পাহাড় কাটা প্রধান কারণ বলে পাহাড় ধস মানুষেরই সৃষ্ট দুর্যোগ মন্তব্য করে তিনি বলেন, পাহাড় কাটার সঙ্গে যারা জড়িত তারা যত ক্ষমতাশালী ব্যক্তিই হোক না কেন দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যারা পাহাড় কেটেছে তাদের চিহ্নিত করতে ২৬টি ভ্রাম্যমান আদালত কাজ করছে। এই আদালত ইতিমধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে আটক করেছে বলেও জানান তিনি।
এম এ মতিন আরও বলেন, "পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। চট্টগ্রামে যারা নিহত হয়েছেন তাদের মৃত্যু স্বাভাবিক নয়। মাটি চাপা দিয়ে তাদের হত্যা করা হয়েছে। দশ ফুট মাটির নীচ থেকেও লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/আরএ/এসি/১৩৪৬ ঘ.
bdnews24