ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাহাড় ধসের পুনরাবৃত্তি ঠেকাতে প্রথম ও প্রধান কাজ হবে যে কোনো মূল্যে এখনই পাহাড় কাটা বন্ধ করা । বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সুপারিশ তুলে ধরেছে।
চট্টগ্রামের পাহাড় ধসে ১২৯ জনের মৃত্যুর পর দুর্গত এলাকা ঘুরে সংগঠনটি সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দুর্গত এলাকার পরিস্থিতি বর্ণনা করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।
সংগঠনের আহ্বায়ক আবু নাসের খান বলেন, "কর্তৃপক্ষ সুযোগ দেওয়ার কারণেই স্বার্থান্বেষী মহল পাহাড় কাটার সুযোগ পেয়েছে। এজন্য দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"
তিনি ১২৯ জনের মৃত্যুকেও অল্পের ওপর দিয়ে পাড় পাওয়া গেছে মন্তব্য করে বলেন, "যত মানুষ সেখানে ঝূঁকিপূর্ণ পরিস্থিতিতে বাস করছে সেই তুলনায় মারা গেছে খুবই কম। রাতে ধস হলে কিংবা আরো একটু বৃষ্টিপাত অথবা ভূমিকম্প হলে এই মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হতে পারত।''
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক একিউএম মাহবুব বলেন, "এই দুর্ঘটনার পর আর যাতে পাহাড় কাটা না হয় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। ঝুূঁকিপূর্ণ বসতি সরিয়ে নিয়ে পাহাড়গুলোতে প্রাকৃতিক বনায়ন করতে হবে।''
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক খ ম মনিরুজ্জামান বলেন, "চট্টগ্রাম পাহাড়ি এলাকা হলেও এসব পাহাড়ে শিলা না থাকায় ওপরে বসবাসের সুযোগ নেই। সেখানে বসবাসের আলাদা কায়দা আছে। পাহাড় কেটে নয়, পাহাড়ের উপযোগী করে স্থাপনা নির্মাণ করতে হবে। পানি যাতে দ্রুত সরে যায় সে ব্যবস্থা নিতে হবে। পানি আটকে থাকলে মাটি নরম হয়ে দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমএইচবি/২০০০ ঘ.
bdnews24