ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা-১২ আসনের সাবেক সাংসদ ও জামায়াত নেতা আবদুল্লাহ মো. তাহেরের বিরুদ্ধে সোমবার চৌদ্দগ্রামে একটি চাঁদাবাজির মামলা হয়েছে। একইদিন একই অভিযোগে মামলা হয়েছে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমির বিরুদ্ধে।
আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, চৌদ্দগ্রাম উপজেলার ডিমাতলী গ্রামের সোহাগ মোর্শেদ সাবেক জামায়াত সাংসদ আবদুল্লাহ মো. তাহেরসহ ১৩ জনকে আসামী করে রোববার রাতে থানায় চাঁদাবাজির ওই মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৩ সালের ১২ ডিসেম্বর চেয়ারম্যান মুজিবুর রহমান সহযোগীদের নিয়ে তৎকালীন সাংসদ তাহেরের নাম করে বাদীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ২০০৪ সালের ৪ জুন বাদী তিন লাখ এবং পরে আরও ত্রিশ হাজার টাকা দেন।
বাদী দাবি করেন, আসামীরা ২০০৪ সালের প্রথম দিকে তার মাছের ঘেরে ঢুকে জাল এবং মাছ লুট করে এবং তাকে অপহরণের চেষ্টা চালায়।
চৌদ্দগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, আমিনুল ইসলাম নামে এক আসামীকে মামলা দায়েরের পরপরই গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, সাবেক বিএনপি সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমিসহ চার জনের বিরুদ্ধে সোমবার দুপুরে চাঁদাবাজির মামলা করেন স্থানীয় আরশীনগর পত্রিকার বার্তা সম্পাদক জিল্লুর রহমান।
ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন অভিযোগ গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামীরা হলেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবলু, বিএনপি নেতা জালাল উদ্দিন ও নজরুল ইসলাম মুকুল।
অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০০৫ সালের ১৯ নভেম্বর আসামীরা বাদীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তা না দেওয়ায় আসামীরা ওই রাতেই দৈনিক আরশি নগর পত্রিকা কার্যালয়ে ঢুকে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাংচুরসহ ১৪ হাজার ৭০০ টাকা লুট করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৮৩৪ ঘ.
bdnews24