ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি হবে বৃহস্পতিবার। সোমবার এই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।
সিগমা হুদার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে অভিযোগ গঠনের জন্য আরও সময় চাইলে আদালত আরো দুদিন সময় দেন।
সোমবার দুুপুর ১১টার দিকে নাজমুল হুদাকে আদালতে হাজির করা হয়। তবে সিগমা হুদা আসেননি।
এদিকে, নাজমুল হুদার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় আপিল বিভাগের আদেশের বিষয়ে সোমবার তার আইনজীবীদের নথিপত্র দাখিলের কথা থাকলেও সত্যায়িত কপি না পাওয়ায় তারা তা জমা দিতে পারেননি।
নাজমুল হুদার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২৬ জুন নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসি/জেকে/১৫৩৩ ঘ.
bdnews24