২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রাম বন্দরের অগ্রগতি দেখলেন উপদেষ্টা মতিন

চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড বিলুপ্ত করা হচ্ছে এবং সেই সঙ্গে বন্দরে পাঁচটির পরিবর্তে একটি ট্রেড ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে। সরকার এ জন্য শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া হাতে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 06:44 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড বিলুপ্ত করা হচ্ছে এবং সেই সঙ্গে বন্দরে পাঁচটির পরিবর্তে একটি ট্রেড ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে। সরকার এ জন্য শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া হাতে নিয়েছে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর এম ফারুক রোববার সাংবাদিকদের উপস্থিতিতে যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিনকে বন্দরের এই অগ্রগতির কথা জানান। বন্দর ভবনের বোর্ড রুমে বিকালে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সন্ধ্যায় উপদেষ্টা মতিন জানান, আগামী ১৫দিনের মধ্যে শ্রম আইন সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে এ ব্যাপারে আইন উপদেষ্টার সঙ্গে এক দফা আলোচনা হয়েছে। তিনি গত ফেব্র"য়ারিতে বন্দর পরিদর্শনের কথা উল্লেখ করে বলেন, "এ বন্দরের চিত্র এখন পাল্টে গেছে। ফিরে এসেছে শৃঙ্খলা এবং কর্মদক্ষতা। জাহাজ জট, কন্টেইনার জট এখন আর নেই।" তিনি বলেন, "ফেব্র"য়ারির চাইতে আজ আমি বন্দরের ভিন্ন চিত্র দেখেছি।" বন্দরে বার্থ অপারেটরদের কাজ সন্তোষজনক বলে মন্তব্য করে তিনি বলেন, "প্রকৃত শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে বলে জেনেছি।" পতেঙ্গায় আরও একটি নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং নবনির্মিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, পতেঙ্গায় নতুন টার্মিনাল নির্মাণের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এনসিটিকে এসওটি (সাপ্লাই অপারেট এন্ড ট্রান্সফার) ভিত্তিতে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এজন্য প্রাকযোগ্যতা নির্ধারণ দরপত্র আহ্বান করা হবে। বন্দর ভবনে বৈঠকের আগে উপদেষ্টা বন্দরের নিরাপত্তা বিভাগে স্থাপিত সিসিটিভির কার্যক্রম এবং বন্দরের বিভিন্ন জেটি ও টার্মিনাল পরিদর্শন করেন। নৌ পরিবহন সচিব শেখ এনায়েত উল্লাহ, বন্দর চেয়ারম্যান কমোডোর এম ফারুকসহ বন্দর ও যৌথ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিকালে উপদেষ্টা মতিন নির্মাণাধীন তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণ কাজের অগ্রগতি দেখতে যান। এ সময় সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মোক্তাদির বেলাল উপদেষ্টাকে জানান, "সেতু নির্মাণের প্রাথমিক সব কাজ শেষ পর্যায়ে। আগামী ৩০ জুন থেকে মূল পিলার স্থাপনের কাজ শুরু হবে। ২০০৯ সালের জুন মাসের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে।" উপদেষ্টা দুপুরে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের একটি ওয়েবসাইটও উদ্বোধন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/আরএআর/ডিডি/এমএইচবি/০০২৬ ঘ.