ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রোববার চট্টগ্রামে মহানগরীতে দুটি মামলা হয়েছে। এছাড়া সাতকানিয়ায় হয়েছে ছয়টি মামলা। এদিকে একই অভিযোগে বান্দরবানে গ্রেপ্তার হয়েছেন দুজন।
চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক রুহুল আমিন রানা জানান, অবৈধভাবে পাহাড় কাটা রোধে রোববার রোববার ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগরীতে অভিযানে নামে। অভিযানের প্রথম দিনই খুলশী এলাকার ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম এবং একই এলাকার মো. মামুনুর রশীদ নামে অপর এক ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা হয়। তবে অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
গত ১১ জুন নগরী ও এর আশেপাশে প্রবল বর্ষণে পাহাড় ধসে ১২৭ জনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান শুরু হয়।
সাতকানিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এওচিয়া, কাঞ্চনা ও চরতি ইউনিয়নে অভিযান চালায়। অভিযানকালে আদালত ছয়টি পৃথক মামলা দায়ের এবং আনোয়ারুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন, শামসুল আলম, মো. আব্দুল আজিজ, কামাল উদ্দিন, নজরুল ইসলাম, হাজি রফিক, জামাল হোসেন ও ফরিদ উদ্দিন।
জহুরুল হক জানান, এসব ব্যক্তি পাহাড় কেটে বাড়ি, ইট ভাটা তৈরি ও পাহাড়ের মাটি কেটে বিক্রি করছিল বলে আদালতের অভিযানের সময় ধরা পড়ে।
বান্দরবান প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদ জানান, সেখানেও রোববার দুপুর থেকে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। ওই সময় শহরের কালাঘাটা থেকে আবদুর রহমান সওদার ও অনীল দাস নামে দুই ব্যক্তিকে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ম্যাজিস্ট্রেট এনামুল হকের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এমআই/২১৪৫ ঘ.
bdnews24