বরিশাল, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিনামূল্যে বিতরণের বই আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহমানের বিরুদ্ধে। মামলাটি করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম জুয়েল।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে বলেন, শনিবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, উপজেলা শিক্ষা অফিসের গুদামের দায়িত্বে থাকা আবদুর রহমান এ বছরের বিভিন্ন সময় প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের পঁচিশ বস্তা বই আত্মসাত করেন।
ওসি আরও জানান, বই আত্মসাতের ঘটনায় সহকারী শিক্ষা অফিসারসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করা হয়েছে। মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খবির উদ্দিনকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমআই/১৭৪৮ ঘ.
bdnews24