ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চারটি চাঁদাবাজি মামলায় তারেক রহমানের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে গুলশান ও ধানমন্ডি থানার চারটি চাঁদাবাজি মামলায় জামিনের আবেদনের ওপর শুনানি হয়।
শুনানি শেষে বিচারক মো. আজিজুল হক প্রতিটি আবেদনই খারিজ করে দেন।
ব্যবসায়ী ও ঠিকাদার হারুন ফেরদৌসি, মো. আফতাব উদ্দিন ও সৈয়দ আবু শাহেদ সোহেল গুলশান থানায় এবং ঠিকাদার মীর জাহির হোসেন ধানমণ্ডি থানায় এই চারটি মামলা দায়ের করেন।
এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তারেক রহমানের ব্যবসায়ীক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অস্ত্র মামলায় চারজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট ১৯ জনের সাক্ষ্য নেওয়া হলো।
বিচারক মো. আবুল বাশার আগামী ২০ জুন এ মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।
এদিন সকাল ১১টায় পঙ্কজ দেবনাথ, সালমান এফ রহমান ও লোটাস কামালকে হাজিরা দেওয়ার জন্য ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে আনা হয়। জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় গ্রেপ্তার এই চারজনকে পরে আবারো কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমআরএফ/জেকে/এমএইচবি/২০১৭ ঘ.
bdnews24