চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁপাইনবাবগঞ্জ-- ৩ আসনে বিএনপির সাবেক সাংসদ হারুনুর রশিদ ও তার স্ত্রী সদর উপজেলা বিএনপির সভানেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াসহ চারজনের বিরুদ্ধে সদর থানায় এক লাখ টাকা চাঁদাবাজির মামলা হয়েছে।
বুধবার রাত ১১টায় মামলাটি দায়ের করেন সদর উপজেলার হড়মা গ্রামের নিকাহ রেজিস্ট্রার কাজী মো. মোজাম্মেল হক।
এজাহারে বলা হয়েছে, ২০০২ সালের ১ মার্চ আসামিরা দুটি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার নিয়োগের কথা বলে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে ২০০২ সালের ২৯ জুন বিকেলে মোজাম্মেল হক সাবেক সাংসদের বাসভবনে গিয়ে ২০ হাজার টাকা দেন। বাকি টাকা পরিশোধের জন্য তিনি ছয় মাস সময় নেন। কিন্তু পরে টাকা দিতে ব্যর্থ হওয়ায় হারুনুর রশিদ ওই বছরের ১৭ ডিসেম্বর নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স প্রত্যাহার করে নেন।
মামলার অন্য আসামিরা হচ্ছেন যুবদলের জেলা সভাপতি মো. এজাবুল হক বুলি ও বিএনপি কর্মী মো. আসাদুজ্জামান।
পুলিশ সুপার মোখলেসুর রহমান জানান, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/জিএনএ/১২৩৫ ঘ.
bdnews24