২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসস্তুপ থেকে জেগে উঠছে চট্টগ্রাম

তিন দিনের টানা বর্ষণ ও পাহাড় ধসে বিপুল প্রাণহানীর পর ধীরে ধীরে জেগে উঠতে শুরু করেছে বন্দর নগরী চট্টগ্রাম। বিপর্যয়ের ঘোর কাটিয়ে তিন দিন পর বুধবার ঝলমলে সূর্যের দেখা পেয়েছে চট্টগ্রামবাসী। তবে পাহাড় থেকে ধসে পড়া মাটির স্তুপ সরিয়ে এখনও লাশ উদ্ধার চলছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত আরও ১৩টি লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লাশের সংখ্যা ১২৪ এ দাঁড়ালো। দুর্যোগ ব্যবস্থাপনা ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা এম এ মতিন বুধবার সন্ধ্যায় এক বৈঠকে চট্টগ্রামে ক্ষতিগ্রস্থদের আগামী ২৫ দিনের খাবারসহ সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 05:30 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

চট্টগ্রাম, ১৩ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তিন দিনের টানা বর্ষণ ও পাহাড় ধসে বিপুল প্রাণহানীর পর ধীরে ধীরে জেগে উঠতে শুরু করেছে বন্দর নগরী চট্টগ্রাম। বিপর্যয়ের ঘোর কাটিয়ে তিন দিন পর বুধবার ঝলমলে সূর্যের দেখা পেয়েছে চট্টগ্রামবাসী। তবে পাহাড় থেকে ধসে পড়া মাটির স্তুপ সরিয়ে এখনও লাশ উদ্ধার চলছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত আরও ১৩টি লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লাশের সংখ্যা ১২৪ এ দাঁড়ালো। দুর্যোগ ব্যবস্থাপনা ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা এম এ মতিন বুধবার সন্ধ্যায় এক বৈঠকে চট্টগ্রামে ক্ষতিগ্রস্থদের আগামী ২৫ দিনের খাবারসহ সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার দুপুরে লেবু বাগান থেকে উদ্ধার করা হয় আবুল কালাম সওদাগর ও তার স্ত্রী শেফালী বেগমের লাশ। সোমবার তুমুল বৃষ্টির সময় প্রতিবেশিদের দিকে সাহায্যের হাত বাড়াতে গিয়ে মাটি চাপা পড়েন তিনি। তাকে বাঁচাতে গিয়ে একই পরিণতি হয় স্ত্রী শেফালীর। ওই ধ্বংসস্তুপের নিচ থেকে বানু (৪০) নামের আরেক নারীর মহিলার লাশ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। লেবু বাগানের পাশেই লেডিস ক্লাবের লাগোয়া একটি পাহাড়ের পাদদেশ থেকে উদ্ধার করা হয় একই পরিবারের চার সদস্যের লাশ। লাশগুলো যখন মাটির স্তুপের নিচ থেকে বের করা হয়, পরিবারের অভিভাবক ফারুক তখন সম্মিলিত সামরিক হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছেন। নিহতরা হচ্ছেন ফারুকের ছেলে নাজমুল (৫), মেয়ে শারমিন (৮), স্ত্রী জয়নব বেগম (৩৫) আর মা ছফুরা বেগম। ফারুকের আরেক ছেলে শাহীনের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে, সব হারিয়ে নিঃস্ব পোশাক কারখানার কর্মী আছিয়া খাতুন স্বপ্না বিভিন্ন জনের কাছে ধরনা দিচ্ছেন শুধু একটা ডেথ সার্টিফিকেটের জন্য। সোমবার সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু ফিরে এসে দেখেন, ভেঙে পড়া পাহাড়ের নিচে চিরতরে হারিয়ে গেছে তার পরিবারের আট সদস্য। এখন একটি ডেথ সার্টিফিকেট পেলে কর্মস্থল থেকে কিছু আর্থিক সাহায্য পাবেন এই আশায় বিভিন্ন জনের কাছে ধরনা দিচ্ছেন আছিয়া। পাহাড়তলী এক নম্বর ওয়ার্ডের কমিশনার জাফর আলম জানান, সবাই এখন নিহতদের দাফন আর ত্রাণ তৎপরতা নিয়ে ব্যস্ত। কাজের চাপ কমলে আছিয়াকে তার স্বজনদের ডেথ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। বুধবার সকাল থেকে ঝলমলে রোদ ওঠায় উদ্ধার কাজ চলেছে দ্রুত গতিতে। পাশাপাশি চলছে ত্রাণ তৎপরতা। দুর্যোগ ব্যবস্থাপনা ও যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন নিজে ঘুরে ঘুরে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিদর্শন করেছেন। নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত ৫টি আশ্রয়কেন্দ্রেও ত্রাণ তৎপরতা চলছে। সিটি করপোরেশন ও সেনাবাহিনী আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার ও পানি সরবরাহ করছে। তবে এসব আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া অনেকেই জ্বর, ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছেন। আগ্রাবাদ মানজুমা প্যালেস কমিউনিটি সেন্টারে আশ্রয় নিয়েছেন আড়াইশ পরিবারের সাড়ে ছয়শ মানুষ। কমিউনিটি সেন্টারের ম্যানেজার মইনুল হাসান জানান, সিটি কর্পোরেশনের চারটি চিকিৎসকদল আহত ও অসুস্থদের সেবা দিচ্ছেন। এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ পাহাড়ী এলাকায় বসবাসরত ১১০টি পরিবারের জন্য কেন্দ্রীয় খেলার মাঠের উত্তরাংশে ও উত্তর ক্যাম্পাসের প্যাগোডা এলাকায় তিন একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে অনুদানও দেওয়া হবে। সূর্যের দেখা পাওয়ার পাশাপাশি নগরীর নিুাঞ্চল থেকে পানিও নামতে শুরু করেছে। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. মনজুর আলম জানান, আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়াসহ কয়েকটি এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। তবে মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, হেমসেন লেন, আগ্রাবাদের একাংশসহ শহরের অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেছে। তিনি আরো জানান, পানি নেমে যওয়ায় বুধবার অনেকেইে কাজে যোগ দিয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণি বিতানগুলোতেও জঞ্জাল পরিষ্কার করে কাজকর্ম শুরুর প্রস্তুতি চলছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মনিরুজ্জামান শিমুল জানান, নগরীর যেসব জায়গায় সরবরাহ ব্যবস্থায় সমস্যা ছিল তার বেশিরভাগই ঠিক করে ফেলা হয়েছে। এখন নগরীর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা এম এ মতিন বুধবার সন্ধ্যায় এক বৈঠকে চট্টগ্রামে ক্ষতিগ্রস্থদের আগামী ২৫ দিনের খাবারসহ সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বৈঠকে চার সদস্য বিশিষ্ট দুটি কমিটি গঠন করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (রাজস্ব) প্রধান করে গঠিত প্রথম কমিটি বিভিন্ন স্থানে পাহাড় ধস ও পাহাড় কাটার কারণ তদন্ত করবে। একই ব্যাক্তিকে প্রধান করে গঠিত দ্বিতীয় কমিটি পাহাড়তলীতে দেয়াল ধসে ১১ জন নিহত হওয়ার ঘটনা তদন্ত করবে। সামগ্রিকভাবে চট্টগ্রামে দুর্যোগ ও পাহাড় কাটার ঘটনাগুলো তদন্ত করার জন্য দুই তিন দিনের মধ্যে আরও একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হবে। সভায় উপদেষ্টা জানান, সোমবারের দুর্যোগে চট্টগ্রামে ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা ২ হাজার ৬৮০। এর মধ্যে ৩৬৩ পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সিনা ইবনে জামালি, বিভাগীয় কমিশনার মোখলেসুর রহমান, ভারপ্রাপ্ত মেয়র মো. মঞ্জুরুল আলম, ডিআইজি আমির উদ্দিন, পুলিশ কমিশনার মইনুর রহমান চৌধুরী, বন্দর চেয়ারম্যান কমোডোর এম ফারুক ও জেলা প্রশাসক শামীম আশরাফসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/এমএইচবি/২৩১৭ ঘ.