চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সাবেক হুইপ ও বিএনপির সাবেক সাংসদ ওয়াহিদুল আলমের বিরুদ্ধে বুধবার দুপুরে টাকা আত্মসাত ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম ২ নং আমলি আদালতে চট্টগ্রাম--৫ আসনের সাবেক এই সাংসদসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফজলুল করিম।
ম্যাজিস্ট্রেট সানজিদা শারমিন মামলাটি গ্রহণ করে তা তদন্তের জন্য সংশ্লিষ্ট হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার অপর আসামীরা হলেন আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক উপদেষ্টা নুর মোহাম্মদ, সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর।
মামলার এজাহারে বাদী ফজলুল করিম অভিযোগ করেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সাবেক সাংসদ ওয়াহিদুল আলম প্রভাব খাটিয়ে আগের শ্রমিক ইউনিয়নের পূর্বের কমিটি ভেঙ্গে দেন এবং অফিস দখল করেন। তিনি অপর তিন আসামীর সহযোগিতায় ইউনিয়নের মৃত্যু তহবিলের ছয় লাখ টাকা আত্মসাত করেন। এ ছাড়া বিগত পাঁচ বছরে ইউনিয়নের নামে ট্রাক থেকে আদায় করা আনুমানিক ৬০ লাখ চাঁদার টাকা আত্মসাত করেন।
মামলার এজাহারে বাদী আরও বলেন, সাবেক সাংসদের নির্দেশে গত বছরের সেপ্টেম্বরে নুর মোহাম্মদ এবং নজরুল ইসলাম তার বাড়িতে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে দেশ ছাড়ার হুমকি দেয় এবং একটি মিথ্যা অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে ফজলুল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জোট সরকার ক্ষমতায় থাকার সময় ভয়ে মামলা করতে পারেননি। কিন্তু এখন তিনি ন্যায়বিচার পাবেন আশা করেই মামলাটি দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসডি/১৯১৫ ঘ.
bdnews24