গাজীপুর, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গাজীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে মঙ্গলবার রাতে পাহারাদারকে হত্যা করে তিন লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
নিহতের নাম মো. কুতুব উদ্দিন। তার বাড়ি পাবনার সাথিয়া উপজেলার ধূলাউড়ি গ্রামে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ--পরিদর্শক আবুল কাশেম জানান, তদন্ত কাজ শুরু হয়েছে। লাশটি গাজীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে সাতটায় টেকনিক্যাল কলেজের দোতলার পূর্ব পাশের একটি শ্রেণি কক্ষে কুতুবের লাশ পাওয়া যায়। তার হাত পা বাঁধা এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
প্রতিষ্ঠানের নগদ ৩০ হাজার টাকাসহ তিন লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছেন মো. কামরুজ্জামান।
নিহত কুতুবের বড় ভাই রাজু আহম্মেদ জানান, মারা যাওয়ার আগে কুতুব বাড়িতে তার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলে। স্ত্রী খোদেজা খাতুন চম্পাকে সে জানায়, তার এক সহকর্মী তাকে হত্যার হুমকি দিচ্ছে।
এ প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, "খুনটি চাঞ্চল্যকর। তদন্তের ক্ষেত্রে সব বিষয়ই বিবেচনায় রাখা হচ্ছে।"
এদিকে বুধবার দুপুরে সিআইডির পরিদর্শক দল ঘটনাস্থলে ফিঙ্গার প্রিন্ট, ফুট প্রিন্টসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮৪৬ ঘ.
bdnews24