ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- টানা কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর সারাদেশে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে বুধবার। গত কয়েকদিন ঝুম বৃষ্টির শব্দে ঢাকাবাসীর ঘুম ভাঙলেও বুধবারের সকালে ছিল বৃষ্টিহীন। তবে আকাশ ছেয়ে আছে ঘন মেঘে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে দেখানো তিন নম্বর সতর্কতা সংকেত এবং দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত বুধবার তুলে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের কর্তব্যরত কর্মকর্তা সহকারী আবহাওয়াবিদ রুবাইয়াৎ কবির বেলা সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে বৃষ্টি না হলেও সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সাময়িকভাবে বৃষ্টি কমে আসলেও পরে তা আবার বাড়তে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/এসএনডি/১১০৮ ঘ.
bdnews24