২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনের শিকার লিটনকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাদল

সেনাসদস্যদের একটি দল মঙ্গলবার হাসপাতালে গিয়ে নির্যাতনের শিকার ব্যবসায়ী মাহবুব আলম লিটনকে প্রায় দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। তারা হাসপাতালে উপস্থিত লিটনের পরিবারের সদস্যদের কাছেও বিভিন্ন তথ্য জানতে চেয়েছে। এদিকে লিটনের স্ত্রী মেহের আফরোজ বলেছেন, তার স্বামীকে মারধরের ঘটনায় তারা সেনা ক্যাপ্টেন শিবলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করবেন। ব্যবসায়ী লিটন গ্রিনরোডের যে অ্যাপার্টমেন্টে থাকেন সেই কনসেপ্ট টাওয়ারের ফ্যাট মালিক সমিতিও লিটনকে মারধরের ঘটনায় একটি মামলা করবেন বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 04:52 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সেনাসদস্যদের একটি দল মঙ্গলবার হাসপাতালে গিয়ে নির্যাতনের শিকার ব্যবসায়ী মাহবুব আলম লিটনকে প্রায় দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। তারা হাসপাতালে উপস্থিত লিটনের পরিবারের সদস্যদের কাছেও বিভিন্ন তথ্য জানতে চেয়েছে। এদিকে লিটনের স্ত্রী মেহের আফরোজ বলেছেন, তার স্বামীকে মারধরের ঘটনায় তারা সেনা ক্যাপ্টেন শিবলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করবেন। ব্যবসায়ী লিটন গ্রিনরোডের যে অ্যাপার্টমেন্টে থাকেন সেই কনসেপ্ট টাওয়ারের ফ্যাট মালিক সমিতিও লিটনকে মারধরের ঘটনায় একটি মামলা করবেন বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। মেহের আফরোজ মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সায়েন্স ল্যাব সেনা ক্যাম্পের তিন সদস্যের একটি দল বিকেল সাড়ে চারটা থেকে পৌনে ছয়টা পর্যন্ত হাসপাতালের কেবিনে তার স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। মেহের আফরোজ জানান সেনা সদস্যরা তাকে কোন সমস্যা হলে স্থানীয় সেনা ক্যাম্পে যোগাযোগ করার পরামর্শ দিয়ে বলেছেন, "থানায়, থানায় দৌড়াদৌড়ি করে লাভ হবে না, আমরাই ভাল বিচার করতে পারব।" তিনি আরও বলেন "ধানমন্ডি থানা মামলা না নেওয়ার আমরা আগামীকাল (বুধবার) ঢাকার সিএমএম কোর্টে ক্যাপ্টেন শিবলীর বিরুদ্ধে মামলা দায়ের করব।" মঙ্গলবার সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন কনসেপ্ট টাওয়ারে গিয়ে বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেন বলেও তিনি জানান। তবে ধানমন্ডি থানার ওসি সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমি বা আমার থানার কোন কর্মকর্তার সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ আর্মিকে নিয়ে ঘটনা আর্মিই তদন্ত করবে।" এদিকে কনসেপ্ট টাওয়ার ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আজ (মঙ্গলবার) রাতে ভবনের ৭০ টি ফ্লাটের মালিকরা বৈঠকে বসবেন। বৈঠকের পর কাল সকালে মালিক সমিতির পক্ষ থেকে আদালতে একটি মামলা দায়ের করা হবে।" মঙ্গলবার 'আইন ও সালিশ কেন্দ্র' এবং 'অধিকার'সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা শমরিতা হাসপাতালে লিটনকে দেখতে যান এবং তাকে আইনগত সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দেন। হাসপাতালে অধিকারের তথ্যানুসন্ধান কর্মকর্তা ইলিয়াস আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রয়োজনে অধিকারের পক্ষ থেকে এ ব্যাপারে আদালতে রিটপিটিশন দায়ের করা হবে।" লিটনকে চিকিৎসাদানকারী চিকিৎসকদের একজন, ডা. শাহজালাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "লাঠি দিয়ে পেটানোর কারণে লিটনের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার দেহের অভ্যন্তরীণ অবস্থা জানতে রেডিওলজি ও রক্তের পরীক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।" প্রসঙ্গত, ঢাকার গ্রিনরোডে কনসেপ্ট টাওয়ার নামে একটি বহুতল অ্যাপার্টমেন্টের সংস্কার কাজ নিয়ে বিরোধের জের ধরে লিটনকে প্রকৌশল বিভাগের ওই সেনা কর্মকর্তা সোমবার পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে মেহের আফরোজ অভিযোগ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২১২৯ ঘ.