নওগাঁ, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুদিনেরও বেশি সময় বন্ধ থাকার পর পার্বতীপুর থেকে ঢাকা ও খুলনার সরাসরি ট্রেন যোগাযোগ সোমবার ভোর থেকে আবার শুরু হয়েছে। নওগাঁর আত্রাই রেল স্টেশনের কাছে শুক্রবার রাত সাড়ে ১০টায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার পর পার্বতীপুর থেকে ঢাকা এবং খুলনা লাইনে সরাসরি রেল চলাচল বন্ধ হয়ে যায়।
সান্তাহার রেল স্টেশন মাস্টার ডালিম হোসেন জানান, লাইনচ্যুত মালবাহী ট্রেনের উদ্ধারকাজ রোববার মধ্যরাতে শেষ হওয়ায় সোমবার ভোর থেকে এ লাইনে সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে।
তিনি জানান, শুক্রবার পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার পর সরাসরি রেল যোগাযোগ বন্ধ হয়ে গেলে দুটি রিলিফ ট্রেনের মাধ্যমে সীমিতভাবে যোগাযোগ সচল রাখা হয়েছিল। এসময় আত্রাই রেল স্টেশনের উভয় পাশে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনগুলো সান্তাহার এবং নাটোরে আটকা পড়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসডি/১৮৪৫ ঘ.
bdnews24