সিলেট, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রবাসীরা দেশে নির্দিষ্ট হারে ফিক্সড ডিপোজিট রাখলে তাদেরকে 'স্পেশাল সিটিজেন' ঘোষণা করতে সরকারকে অনুরোধ করবেন সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ।
সেনা প্রধান সোমবার বিকেলে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সিলেট কর্পোরেট অফিস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, "বৈদেশিক মুদ্রা অর্জন করে প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সরকারকে আমরা অনুরোধ করছি প্রবাসীদেরকে স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য। ইতিমধ্যে ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের জন্য স্পেশাল সার্ভিস চালু হয়েছে।"
তিনি বলেন, 'স্পেশাল সিটিজেন'রা শুধু বিমানবন্দর নয়, থানায় এবং ডিসি অফিসসহ সব প্রশাসনিক কাজে বিশেষ সুবিধা পাবেন।
সেনা প্রধান বলেন, কিছু মুষ্টিমেয় অসাধু রাজনীতিবিদ ও ব্যবসায়ী যেন দেশের টাকা অসৎ কাজে ব্যয় করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
রোববার গাজীপুরের শ্রীপুরে ভোটার আইডি কার্ডের পাইলট প্রকল্পের কথা উল্লেখ করে মইন উ আহমেদ বলেন, এটা একটা নতুন উদ্যোগ। এই কার্ডের আইডি নম্বরের মাধ্যমে সব তথ্য পাওয়া যাবে। এতে জনগণের বিভিন্ন সুবিধা পেতে আরও সুবিধা হবে। পাসপোর্ট, ব্যাংক ঋণ, লাইসেন্স নেওয়া ইত্যাদি দ্রুত করা যাবে।
তিনি বলেন, "এখন সময় এসেছে সবাইকে নিয়ে দেশকে অগ্রগতির দিকে এক ধাপ উপরে নিয়ে যাওয়ার। আসুন, আমরা সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করি, দেশে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে সমৃদ্ধ করি।"
খারাপ আবহাওয়ার কারণে সময়মতো অনুষ্ঠানে না আসতে পারায় সেনা প্রধান দুঃখ প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসডি/জিএনএ/১৭০৩ ঘ.
bdnews24