ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গ্রেপ্তার হওয়া রাজনীতিবিদদের জিজ্ঞাসাবাদে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির যে তথ্য বেরিয়ে আসছে সাবেক সরকার প্রধান হিসেবে খালেদা জিয়া ও শেখ হাসিনা তার দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান উপদেষ্টা এমএ মতিন।
সোমবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে এমএ মতিন সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, "তৎকালীন সরকার প্রধান হিসেবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দায় তারা এড়াতে পারেন না।"
তিনি আরো বলেন, "এত বড় বড় দুর্নীতির তথ্যে আমরা বিস্মিত নই। কারণ এ ধরনের তথ্য আমাদের কাছে আগেই ছিল। সরকার এখন আরও তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে।"
উপদেষ্টা জানান, বিভিন্ন পর্যায়ের নেতা ও দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পাওয়া গেছে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এসব তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরা জানান, টাস্কফোর্স দুর্নীতিকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহে কাজ করে যাচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/আরএ/জেকে/জিএনএ/১৫২৯ ঘ.
bdnews24