২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ সেলিমের বিরুদ্ধে দুটি চাঁদাবাজি মামলা

বাগেরহাট--২ (সদর-কচুয়া) আসনের সাবেক সাংসদ এবং জেলা বিএনপি সভাপতি মো. আব্দুল হাকিম সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 05:45 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাগেরহাট--২ (সদর-কচুয়া) আসনের সাবেক সাংসদ এবং জেলা বিএনপি সভাপতি মো. আব্দুল হাকিম সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় দুটি মামলা হয়েছে। 'ফাস্ট প্রপার্টিস লিমিটেড' নামে একটি নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ফারুক রোববার সন্ধ্যায় গুলশান থানায় মামলাদুটি দায়ের করেন। এর মধ্যে একটি মামলায় বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সাবেক নির্বাহী প্রকৌশলী মো. মোশাররফ হোসেনকে আসামি করা হয়েছে। গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক ইমতিয়াজ আহম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাগেরহাট শহর রক্ষা বাধ ও সড়ক নির্মাণের কাজে বাদির কাছ থেকে ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগে প্রথম মামলাটি করা হয়। বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. মোশাররফ হোসেনকেও মামলার আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলায় কচুয়া--বাধাল--পিংগুড়িয়া বাজার উন্নয়নের কাজে সেলিম বাদির কাছ থেকে ১২ লাখ টাকা চাঁদা নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বাদি জাহিদুল ইসলাম ফারক অভিযোগ করেছেন, নিয়ম অনুযায়ী দরপত্রে অংশ নিয়ে তার প্রতিষ্ঠান ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর শহর রক্ষা বাধের এবং ২০০৫ সালের ১৯ ডিসেম্বর কচুয়া উপজেলার বাজার উন্নয়ন কাজের দায়িত্ব পায়। শহর রক্ষা বাধের দায়িত্ব পাওয়ার পর বাগেরহাট এলজিইডির তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন নিজে সাড়ে পাঁচ লাখ টাকা উৎকোচ নেন এবং সাংসদ সেলিমের সঙ্গে ফয়সালা করে কাজ শুরু করতে বলেন। পরে জাহিদুল ইসলাম সাংসদ সেলিমের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় সেলিম তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে জাহিদুল ইসলাম ঢাকার উত্তরা ব্যাংক, শ্যামলী শাখায় তার হিসাব নম্বর থেকে কয়েক দফায় চেকের মাধ্যমে ও নগদে মোট ৫০ লাখ টাকা সেলিমকে দেন। একইভাবে দ্বিতীয় কাজের শুরুতে তিনি একই ব্যাংকের হিসাব নম্বর থেকে চেকের মাধ্যমে ১২ লাখ টাকা দেন সেলিমকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/জেকে/এমএইচবি/২৩৩৯ ঘ.