রাজশাহী, ১০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, পুলিশকে সরকারের পুলিশ না হয়ে জনগণের ও রাষ্ট্রের পুলিশ হতে হবে। বর্তমান সময় হচ্ছে পুলিশের নিরপেক্ষভাবে কাজ করার সময়। পুলিশ অন্যায় করলে কোনো ছাড় দেওয়া হবে না, তা যে পর্যায়েই হোক না কেন।
উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে রোববার সকাল সাড়ে ১১ টায় রাজশাহীতে সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে আইজিপি বলেন, পুলিশকে ব্যাপক ক্ষমতা দেওয়া হলেও দক্ষ এবং উপযুক্ত করে গড়ে তোলা হয়নি। পুলিশকে দক্ষ ও আধুনিক করতে প্রশিক্ষণ কেন্দ্র খোলা হচ্ছে। তবে পুলিশের উপযুক্ত সেবা পেতে হলে সচেতন জনগণের সহযোগিতা প্রয়োজন হবে।
তিনি বলেন, পুলিশকে 'হ্যাঁ' বলুন। আর পুলিশের মন্দ কাজের জন্য ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করুন।
আইজিপি বলেন, মাদকের সঙ্গে কোনো পুলিশের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দোষী পুলিশকে কারাগারে যেতে হবে এবং এমনকি চাকরিও হারাতে হবে। পুলিশ শুধু দুই বোতল ফেনসিডিলসহ কাউকে চালান দিলেই হবে না। প্রকৃত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আইজিপি আরও বলেন, পুলিশ যেন মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। জঙ্গি তৎপরতা নিয়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, নিরীহ লোকজন যেন অযথা হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইজি একেএম শহিদুল হক, র্যাব--৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান, পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) আবুল কাসেম, আনসার ভিডিপির উপ--পরিচালক গোলাম কিবরিয়া এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার রাতে রাজশাহী পৌঁছেই ডিআইজি অফিস কনফারেন্স রুমে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন--শৃঙ্খলা নিয়ে বৈঠকে বসেন তিনি। বৈঠক চলে রাত ১১ টা পর্যন্ত।
রোববার সকাল সাড়ে ৯ টায় জেলা পুলিশ লাইনে তিনি রাজশাহী বিভাগীয় পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন। পরে মহানগর পুলিশ লাইনে অপর একটি ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৮৩৪ ঘ.
bdnews24