২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় নাসিমের বিরুদ্ধে অভিযোগ গঠন আবার পেছালো

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এবং কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ গঠন আবারো পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 10:50 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এবং কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ গঠন আবারো পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ জুন। রোববার বিশেষ জজ আদালত--৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই দিন ধার্য করেন। এর আগে গত ৩ জুন এ মামলার অভিযোগ গঠনের কথা থাকলেও ওইদিন ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক মালিক আব্দুল্লাহ আল আমীন মামলাটি সংসদ ভবনের বিশেষ আদালত--৩ এ পাঠিয়ে দেন। একইসঙ্গে বুধবার বিশেষ আদালতে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন তিনি। অভিযুক্ত এএইচএস রহমান চিকিৎসার জন্য কানাডায় থাকায় বুধবার তার আইনজীবীরা অভিযোগ গঠনের তারিখ ১৫ দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান। রোববার সকালে মোহাম্মদ নাসিমকে কাসিমপুর কারাগার থেকে আদালতে হাজির করার পর বিচারক শাহেদ নূর উদ্দিন অভিযোগ গঠনের নতুন দিন ধার্য করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী থাকাকালে নাসিম ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডকে দরপত্র ছাড়াই তিন লাখ টেলিফোন লাইন স্থাপনের কাজ দেন। ওই ঘটনায় ২০০২ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মোহাম্মদ নাসিম ও এএইচএস রহমানের বিরুদ্ধে মামলা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/জেকে/১৬৩৩ ঘ.