২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৮৪

বগুড়া, সাভার, কুষ্টিয়া ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। এ ছাড়া ধামরাইয়ে অপর এক দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 09:59 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বগুড়া, সাভার, কুষ্টিয়া ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। এ ছাড়া ধামরাইয়ে অপর এক দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া: বগুড়ার চন্দনবাইসা সড়কের মানিকদাই এলাকায় রোববার সকাল সাড়ে নয়টায় বগুড়াগামী একটি বাস (বগুড়া--ব--৪০৬৬) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মহসিন (৩৫) ও দৌলত (৩২) নামের দুইজন মারা যান। দুর্ঘটনায় আহত ১০ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। সাভার: ঢাকা--আরিচা মহাসড়কে সাভারের শিমুলতলী বাসস্ট্যান্ডে রোববার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই বাস চালক সাইফুল ইসলাম (৪০) নিহত হয়। সাভার থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান জানান, সকাল ৭টার দিকে খুলনা থেকে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো--ব--১৪--১০৭২) সঙ্গে আরিচাগামী একটি ট্রাকের (পাবনা--ট--১১--০০৯০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাস চালক মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত বাস চালকের বাড়ি খুলনা জেলার সদর থানার তারামাটি এলাকায়। এ ছাড়া একই মহাসড়কের ধামরাইয়ের বামদিপাড়া এলাকায় বেলা তিনটার সময় গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে কমপক্ষে ৫০ জন আহত হয়। আহতদের স্থানীয় ধামরাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও সাভারের নয়ারহাটে গণস্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ধামরাই থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন। কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের কালিশংকরপুরে রোববার সকাল সাড়ে ৯টার সময় রাস্তা পার হতে গিয়ে আলম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি কুষ্ঠিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের গাড়ি চালক ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লক্ষ্মীপুর: শনিবার রাত ১১ টার দিকে রামগতি উপজেলার করইতলা এলাকায় ইলিশ মাছ বোঝাই করার সময় মৌসুমী পরিবহনের একটি বাসকে পেছন থেকে আসা লক্ষ্মীপুর এন্টার প্রাইজ নামে অপর একটি বাস সজোরে ধাক্কা দিলে দুইজন নিহত এবং ১২ জন আহত হয়। নিহতরা হলেন মৌসুমী পরিবহন নামে একটি বাসের সুপারভাইজার আবুল কাসেম (৩৬) ও স্থানীয় শ্রমিক তোফায়েল আহম্মদ (৫০)। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রামগতি থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। লাশ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/