ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সরকারী ত্রাণের টিন, কম্বল ও চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতি মামলায় রোববার বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম জগন্নাথ দাশ খোকন দুপুর সোয়া একটায় ফালুর উপস্থিতিতে এ আদেশ দেন। এর আগে গত ৬ই জুন তেজগাঁও থানায় করা এ মামলায় সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শেখ আব্দুস সালাম।
রিমান্ড আবেদনের বিরোধিতা করেন ফালুর আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, এসব ত্রাণসামগ্রী যখন উদ্ধার করা হয় তখন ফালু কারাগারে আটক ছিলেন।
গত ২ মার্চ ফালুর নির্বাচনী এলাকা তেজগাঁওয়ের ৩৭ নম্বর ওয়ার্ড কমিশনার অফিস থেকে ৬০০ পিস ত্রাণের টিন, ৬০ পিস কম্বল এবং ১৫ কেজি পঁচা চাল উদ্ধার করে যৌথবাহিনী। পরে বিএনপির ৩৭ নম্বর ওয়ার্ড কমিশনার রুহুল আমিন ভুঁইয়া ওরফে জাহাঙ্গীর, ওয়ার্ড কমিশনার কার্যালয়ের বিভিন্ন কর্মচারী ও মোসাদ্দেক আলী ফালুসহ ছয়জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। গত ২১শে এপ্রিল মামলাটি তদন্তের জন্য দুদকের কাছে পাঠানো হয়। মামলার অন্য চার আসামী এখন পলাতক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/কেএম/১৪৩৮ঘ.
bdnews24