২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিভেজা শ্রীপুরে ভোটার তালিকা তৈরির পাইলট প্রকল্প শুরু

প্রচণ্ড বৃষ্টির মাঝেই জেলার শ্রীপুর পৌরসভা এলাকায় রোববার সকালে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের পরীক্ষামূলক প্রকল্পের (পাইলট প্রকল্প) উদ্বোধন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামছুল হুদা সকাল সাড়ে ১১টার দিকে এ প্রকল্পের উদ্বোধন করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে থেকে প্রকল্প উদ্বোধন অনুষ্ঠান স্থানান্তর করে বিদ্যালয়ের মিলনায়তনে নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 07:28 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

শ্রীপুর (গাজীপুর), জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রচণ্ড বৃষ্টির মাঝেই জেলার শ্রীপুর পৌরসভা এলাকায় রোববার সকালে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের পরীক্ষামূলক প্রকল্পের (পাইলট প্রকল্প) উদ্বোধন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামছুল হুদা সকাল সাড়ে ১১টার দিকে এ প্রকল্পের উদ্বোধন করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে থেকে প্রকল্প উদ্বোধন অনুষ্ঠান স্থানান্তর করে বিদ্যালয়ের মিলনায়তনে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, এভাবেই দৈব--দুর্বিপাক উপেক্ষা করে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের কাজ এগিয়ে নিতে হবে। তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে নির্ভুল ভোটার তালিকা। কিন্তু নির্বাচন কমিশনারের কাছে যে ভোটার তালিকা আছে তাতে লাখ লাখ দ্বৈত ও ভুয়া ভোটার তালিকাভুক্ত হয়েছে। এ জন্য প্রশ্নবিদ্ধ হয়েছে এই ভোটার তালিকার গ্রহণযোগ্যতা।" বর্তমান তালিকা তেরির কাজ এগিয়ে নিতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা কামনা করে শামসুল হুদা। অনুষ্ঠানে সিইসি ছাড়াও বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ। গাজীপুর জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও শাখাওয়াত হোসেন । সেনাপ্রধান বলেন "শ্রীপুরের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে হবে। স্ষ্ঠুু , নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই তৈরি হচ্ছে এই ছবিসহ ভোটার তালিকা। প্রশাসন সূত্র জানিয়েছে, প্রথম পর্বে পাঁচটি ওয়ার্ডে চলবে পাইলট প্রকল্পের কাজ। এরপর বাকি চারটি ওয়ার্ডে প্রকল্প পরিচালিত হবে। শ্রীপুর পৌর এলাকার মোট ৩০টি ভোটকেন্দ্রে ভোটার নিবন্ধন করা হবে। পাইলট প্রকল্পের ল্যাপটপ কম্পিউটারসহ আনুষঙ্গিক সাজসরঞ্জাম সরবরাহ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের প্রযুক্তিবিদরা পাইলট প্রকল্পে সার্বিক সহযোগিতা করছেন। পরীক্ষামূলক এ প্রকল্পের সফলতার ওপরই নির্ভর করছে সারাদেশে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ। বৃষ্টির কারণে রোববার পাইলট প্রকল্প শুরুর প্রথম দিন দৃশ্যত নিষ্ফল পার হচ্ছে। কেন্দ্রগুলোতে ভোটার সমাবেশ তেমন লক্ষ্য করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এফএফ/এসএনডি/১৫০৯ ঘ.