ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নওগাঁ, জামালপুর ও বগুড়ায় শনিবার বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।
নওগাঁ প্রতিনিধি জানান, সাপাহার উপজেলার তিলনা গ্রামে দুপুরে বজ্রপাতে কলিম নামে ১২ বছর বয়সের এক শিশু মারা যায়। কলিম ওই গ্রামের তছির উদ্দিনের ছেলে।
এ সময় কলিমের মা সোনা বানু (৫০) আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাপাহার থানার উপ--পরিদর্শক ওয়াহাব জানান, দুপুর আড়াইটায় মাঠে হাঁস চড়ানোর সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই কলিমের মৃত্যু হয়।
জামালপুর প্রতিনিধি জানান, বজ্রপাতে মাদারগঞ্জে দুইজন এবং সরিষাবাড়িতে একজন মারা গেছেন। এরা হলেন মাদারগঞ্জের বাঁশঝাড় গ্রামের জুয়েল (১৯) ও সুলতান (২৭) এবং সরিষাবাড়ির পপুলার জুটমিল এলাকার আনিস (১০)।
বগুড়া প্রতিনিধি জানান, শনিবার বৃষ্টির সময় বজ্রপাত হলে আদমদীঘির দুর্গাপুর গ্রামের কৃষক নুরুল ইলাম (৩২) ও আলতাফুন্নেছা (৩০) মারা যান। এ সময় আহত হন আরো দুইজন। এর মধ্যে বশিকুড়ি গ্রামের আব্দুল জলিলের অবস্থা আশঙ্কাজনক।
আদমদীঘি থানার উপপরিদর্শক পারভেজ ইসলাম বজ্রপাতে হতাহতের খবর নিশ্চিত করেছেন।
এদিকে দুপুরে যমুনা নদীতে মাছ ধরার সময় ধুনটের শহরাবাড়ির জেলে বাবু মিয়া (৪৫) বজ্রপাতে মারা যান। এ সময় শোলবাড়ি গ্রামের হাসিনা বেগম আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/প্রতিনিধি/এমএআর/ডিডি/জেকে/২৩১৩ ঘ.
bdnews24