ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নতুন অর্থবছরের বাজেটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তার মতে, এবারের বাজেট জনপ্রতিনিধিদের সংসদে দেওয়া হয়নি। জনগণের প্রতিনিধিত্ব ছাড়া কর ধার্য করা যায় না। ফলে এর বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বাজেট প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে ব্যাখ্যাও দাবি করেন তিনি।
শনিবার দুপুরে গুলশানের শিকদার মেডিকেল হাসপাতালে ফুপু আছিয়া খাতুনকে দেখে বের হওয়ার সময় শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, "জনগণের প্রতিনিধিত্ব ছাড়া কর ধার্য করা যায় না। জনপ্রতিনিধিরাই বাজেট পেশ করেন। এবারের বাজেট জনপ্রতিনিধিদের নির্বাচিত সংসদে দেওয়া হয়নি।"
শেখ হাসিনা বলেন, "এ অবৈধতার বোঝা আর কত বেশি হবে, সেটাই আমার প্রশ্ন।"
সংবিধানের ৯৩ অনুচ্ছেদ উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। কিন্তু তা অল্প সময়ের জন্য এবং তা সংসদেই অনুমোদন করতে হবে। এর জন্য অবশ্যই একটি নির্বাচিত সংসদ দরকার। নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে বসেই এ বাজেট অনুমোদন করতে হবে।"
তিনি বলেন, "এই বাজেটের ব্যাখ্যা বর্তমান সরকারকে দিতে হবে। এ বিষয়টি সরকার কীভাবে জায়েজ করবে সেটাই এখন দেখার বিষয়।"
তবে বাজেটে তেমন কোনো চমক নেই দাবি করে শেখ হাসিনা বলেন, "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
সরকারের পক্ষ থেকে দ্রব্যমূল্য স্থিতিশীল দাবি করে যে বক্তব্য দেওয়া হচ্ছে তার সমালোচনা করে হাসিনা বলেন, "স্থিতিশীলতাই বড় কথা নয়। মানুষের কেনার ক্ষমতা আছে কিনা সেটাই বড় কথা। ক্রয় অনুপাতে মানুষের আয় বাড়ছে না। চাকরিজীবীরা যে বেতন পাচ্ছেন তা দিয়ে তাদের ১৫ দিনও ঠিকমতো চলছে না।"
হাসিনা অভিযোগ করে বলেন, এ বাজেটে মূল্যস্ফীতি কমানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাজেট মানুষের কষ্ট লাঘবের জন্য। কিন্তু এ বাজেটে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এসএনডি/এমআই/১৫০৭ ঘ,
bdnews24