২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী কারাগারে অভিযান, মোবাইল ফোন উদ্ধার

জেলা জজ ও পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল ফেনী কারাগারে অভিযান চালিয়ে আটক এক যুবলীগ নেতার কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 02:27 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ফেনী, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলা জজ ও পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল ফেনী কারাগারে অভিযান চালিয়ে আটক এক যুবলীগ নেতার কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করেছে। পুলিশ জানায়, তাদের কাছে বেশ কয়েকটি অভিযোগ আসে ফেনী কারাগারের অভ্যন্তরে বিভিন্ন মামলায় আটক আসামীরা মোবাইল ফোনের মাধ্যমে সহযোগীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। এদের বিরুদ্ধে মোবাইল ফোনে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। এর প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার হারুন উর রশিদ হামারী, অতিরিক্ত পুলিশ সুপার সরদার রফিকুল ইসলাম, এনডিসি সোহেল হাসানের সমন্বয়ে গঠিত একটি দল ফেনী কারাগারে অভিযান চালায়। এ সময় কারাগারে আটক জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজুর কাছ থেকে একটি মোবাইল ফোন (০১৮১৩৩০০৩৬৪) উদ্ধার করা হয়। এ ছাড়া বাইরে থেকে আনা খাবার, বিদেশী সাবান ও লবণও উদ্ধার করা হয়। পুলিশ সুপার সাংবাদিকদের জানান, কারাগার থেকে সন্ত্রাসীরা মোবাইল ফোনে বিভিন্ন মামলার সাক্ষী ও বাদিদের হুমকি দেয়, সহযোগী সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে এবং ফোনে চাঁদাবাজির ঘটনাও ঘটছে। কারাগারে নিয়োজিত গোয়েন্দাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়। তিনি জানান, আটক মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করা হবে। কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরেই কারাগারের ভেতর মোবাইল ফোন ব্যবহার, মোবাইল কল বিক্রি, মাদক ব্যবসা চলছে। এদিকে বৃহস্পতিবারের অভিযানকালে কারা কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন না। সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে কিছু বলতে পারবেন না বলে জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/২০২১ ঘ.