ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কুমিল্লা, দিনাজপুর ও লালমনিরহাটে শুক্রবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২৭ জন।
প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুরে শুক্রবার সকাল ছয়টার দিকে চৌদ্দগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক ও চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাস চালক রূপচান আলী ও ট্রাক চালক আবু তাহের ঘটনাস্থলেই মারা যান। বাসের অপর এক অজ্ঞাত যাত্রী চৌদ্দগ্রাম হাসপাতালে নেওয়ার পর মারা যান।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত বাস চালকের বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার মালশাপাড়া গ্রামে। আর লরিচালক আবু তাহেরের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর চিকনদা গ্রামে। দুর্ঘটনার পর ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
দিনাজপুর: বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর--সৈয়দপুর মহাসড়কের সোনাপুকুর এলাকায় সৈয়দপুরগামী একটি যাত্রীবাসী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া মহল্লার আব্বাসউদ্দিনের ছেলে সরফরাজ (২৮) ও নতুন বাবুপাড়া মহল্লার সেলিম উদ্দিনের ছেলে ওয়াসিম (২৫) ।
ঘটনাস্থল থেকে পার্বতীপুর থানার উপ--পরিদর্শক মনোরঞ্জন জানান, দুর্ঘটনায় বাসটির সামেনর অংশ দুমড়ে--মুচড়ে যায়। এতে আরও ১০ জন আহত হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লালমনিরহাট: শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে বুড়িমারী--লালমনিরহাট মহাসড়কের কালীগঞ্জ উপজেলার চাপারতল এলাকায় পাটগ্রাম থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী বীরেন্দ্র নাথ রায় (৩৫) ঘটনাস্থলে নিহত ও তার শিশু পুত্র মিথুল চন্দ্র রায় (৫) এবং মোটর সাইকেল চালক মিলন মিঞা (৩০) গুরুতর আহত হয়েছে।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ লোকজন বাসটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসডি/১৮৩৭ ঘ.
bdnews24