ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) -- প্রায় ১৫ হাজার নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর ৬০ শতাংশ হবে নারী। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে।
অর্থ উপদেষ্টা এ বি মীর্জ্জা মো. আজিজুল ইসলাম বৃহস্পতিবার তার প্রস্তাবিত বাজেট বলেন," মানব সম্পদ উন্নয়ন খাতে ১৯ হাজার ৭০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। যা মোট বাজেটের ২৫ শতাংশ। এর মধ্যে শিক্ষা খাতে ১৫ দশমিক ২ এবং স্বাস্থ্যে খাতে ৬ দশমিক ৯ শতাংশ।"
অর্থ উপদেষ্টা বলেন, ২০০৭--২০০৮ অর্থ বছরে প্রায় ১৫ হাজার নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যার ৬০ শতাংশ হবেন নারী। এতে শিক্ষার্থী--শিক্ষকের অনুপাত ৫৫ঃ ১ থেকে ৪৬ ঃ ১ হবে। প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ লাখ শিক্ষার্থীকে মাসিক একশ টাকা হারে উপবৃত্তি দেওয়া হবে। ১১ হাজার শিক্ষা কেন্দ্রে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার কাজ চলছে। আগামী বছরে ১০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন শ্রেণী কক্ষ নির্মিত হবে ১৮ হাজার ১৮৬ টি। গণশিক্ষায় সাক্ষরযোগ্যতা অর্জনকারী সাড়ে ৬ লাখ জনকে আগামী অর্থবছরের মধ্যে অব্যাহত শিক্ষার মাধ্যমে আয় বর্ধনমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। মসজিদ ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে জোরদার করা হবে।
তিনি বলেন, মাধ্যমিক স্তরে ছাত্রী উপবৃত্তির পাশাপাশি দরিদ্র ছাত্রদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুন্নয়ন বাজেটের ৬৩ শতাংশ ব্যয় হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীতের বেতন--ভাতা খাতে। ২০০৬--২০০৭ অর্থ বছরের এ খাতে সংশোধিত বরাদ্দের পরিমাণ ৩ হাজার ১৩ কোটি টাকা। এ বিপুল পরিমাণ অধিকতর ফলপ্রসু করার জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত বরাদ্দ তাদের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হবে। এ জন্য নিরপেক্ষ পরিদর্শক কর্তৃপক্ষ কাজ করবে। শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইংরেজী ও কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। শিক্ষা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যানকে সমৃদ্ধ করা হচ্ছে।
অর্থ উপদেষ্টা বলেন, "বর্তমান বিশ্বে একটি দেশের উন্নয়ন নির্ভর করে আধুনিক প্রযুক্তি জ্ঞানে প্রশিক্ষিত জনশক্তির ওপর। এ লক্ষ্য অর্জনে সরকার উচ্চ শিক্ষায় গবেষণা ও বিনিয়োগের এক নতুন কর্মসূচি প্রনয়ণের উদ্যোগ নিয়েছে। এজন্য আগামী অর্থ বছরে শিক্ষা গবেষণা অনুদান হিসাবে ১০ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব রাখা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএআর/জিএনএ/১৯৩৪ ঘ.
bdnews24