ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোটিপতি পিয়ন বলে পরিচিত চতুর্থ শ্রেনী কর্মচারি ইউনিয়নের নেতা এসএম শাহজাহান কবীরকে বুধবার র্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে।
র্যাব-২ এর একটি দল সন্ধ্যা সাতটার দিকে হাসপাতাল চত্ত্বরে অভিযান চালিয়ে শাহজাহান কবীরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে লাশ জিম্মি করে ব্যবসা এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেট গড়ে তোলাসহ একাধিক অভিযোগ রয়েছে বলে র্যাব জানায়। র্যাব দাবি করছে, পিয়ন শাহজাহানের কমপক্ষে পাঁচ কোটি টাকার সম্পত্তি আছে।
র্যাব--২ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) বাবুল আখতার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার শাহজাহান কবীরকে ঢাকা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। কিন্তু তিনি তদবিরের মাধ্যমে ওই বদলি আদেশ ঠেকানোর চেষ্টা করছিলেন। গোপনে খবর পেয়ে মর্গের পাশের একটি ঘরে বৈঠক করার সময় র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা জানান, শাহজাহান কবীরের বিরুদ্ধে বেওয়ারিশ লাশ থেকে অর্থ হাতিয়ে নেওয়া, রোগী জিম্মি করে দালালি, লাশ জিম্মি করে ব্যবসা এবং ঘুষ নিয়ে কর্মচারি নিয়োগসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
তিনি আরো জানান, শাহজাহান কবীর হাসপাতালের চতুর্থ শ্রেণীর একজন পিয়ন হলেও রাজধানীর শ্যামপুর, মিরপুর ও কামরাঙ্গীরচরে তার তিনটি বাড়ি এবং তিনটি মাইক্রেবাস রয়েছে। এছাড়া তিনি নিজে ১৮ লাখ টাকা দামের মাইক্রোবাসে চড়ে যাতায়াত করেন।
বাবুল আখতার জানান, শাহজাহান কবীরকে বর্তমানে র্যাব-২ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে।
শাহবাগ থানার উপ--পরিদর্শক আখতার মোর্শেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজাহান কবীরের বিরুদ্ধে শাহবাগ থানায় তিনটি জিডিসহ নিউমার্কেট, ধানমন্ডি এবং তেজগাঁও থানায় প্রায় এক ডজন অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএনএ/২২০১ ঘ.
bdnews24