সিলেট, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের সমাবেশস্থলে বোমা হামলার পরিকল্পনার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত মাওলানা আবু জাফর ওরফে আবু সাঈদকে অভিযুক্ত করে আদালতে বুধবার সম্পুরক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমদের আদালতে বুধবার ওই অভিযোগপত্র দাখিলের পর ওইদিনই মামলার অভিযোগ গঠন করা হয়। মুফতি হান্নান ও আবু জাফরকে এদিন আদালতে হাজির করা হয়।
২০০১ সালে সংসদ নির্বাচনের আগে ২৬ সেপ্টেম্বর সিলেটে নির্বাচনী সফরে এসেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অভিযোগ এসেছে, ওই সমাবেশে বোমা হামলার পরিকল্পনা করেন মুফতি হান্নান। কিন্তু সিলেট নগরীর ফাজিলচিস্ত এলাকার একটি বাসায় হামলাকারীরা জড়ো হলে সেখানে বোমা বিস্ফোরণ ঘটলে হামলার পরিকল্পনা ভেস্তে যায়। ওই বিস্ফোরণে দুজন নিহত এবং দুজন আহত হন।
এ ঘটনায় তিনজনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলেও ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার আবু জাফর রিমান্ডে ফাজিলচিস্তের বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
২০০৬ সালের ৫ অক্টোবর সিলেটের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবু জাফর ঘটনায় মুফতি হান্নানের সম্পৃক্ততার কথাও জানান।
জবানবন্দিতে আবু জাফর বলেন, "২০০০ সালে কোটালিপাড়ায় শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ২০০১ সালে সিলেটের জনসভায় বোমা হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেন তারা। এ জন্য সাত সদস্যের একটি দল সিলেটে আসে। কিন্তু হামলার আগেই বোমা বিস্ফোরণ হওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়। "
বুধবার আদালতে দাখিল করা সম্পুরক অভিযোগপত্রে আবু জাফরের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিপ্রেক্ষিতে মুফতি হান্নান ও আবু জাফরকে মামলার আসামী তালিকায় যুক্ত করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক প্রণব কুমার রায় সম্পুরক অভিযোগপত্র দাখিল করেন।
২০০৪ সালের ১২ এপ্রিল দাখিল করা অভিযোগপত্রে শাহজাহান, হারুন ওবায়েদ ও মাসুদ নামে তিনজনকে আসামী করা হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫০ ঙ.
bdnews24