বরিশাল, ৫ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিটি মেয়র ও জেলা বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে একটি হত্যা মামলার এজাহার দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিকালে কোতোয়ালি থানায় এজাহারটি করেন সন্ত্রাসী হামলায় নিহত শাহজাহানের স্ত্রী শাহনাজ পারভীন রেনু।
থানার পরিদর্শক মোহম্মদ খোরশেদ আলম জানান, শাহনাজ পারভীনের এজাহারে মেয়র ও এক ওয়ার্ড কমিশনারসহ ২১ জনকে আসামী করা হয়েছে। তবে যেহেতু এ বিষয়ে থানা ও আদালতে একাধিক মামলা চলছে তাই নতুন এজাহারটিতে মামলা হিসেবে নেওয়া হয়নি।
তিনি আরও জানান, এ বিষয়ে উপ-পরিদর্শক মীর কাসেমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এজাহারটি মামলা হিসেবে নেওয়া হবে।
২০০৩ সালে ১৬ অক্টেবর নগরীর জিয়া সড়ক নিজ বাড়ির সামনে নিহত হন শাহজাহান। তার বিরুদ্ধেও সন্ত্রাসের বহু অভিযোগ ছিল।
বাদী তার এজাহারে উল্লেখ করেন, তখন মামলা সময় নিজের নিরাপত্তার কথা ভেবে মেয়রকে আসামী করেননি তিনি।
মেয়র সরোয়াকে গত ২৯ মে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তিনি এখন কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৮ ঘ.
bdnews24