২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে ছয় জেলায় ১৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, বাগেরহাট, কুষ্টিয়া ও মানিকগঞ্জ ও ফরিদপুরে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে তিনজন। এছাড়া ঝড়ে গাছ চাপা পড়ে যশোরে এক জন মারা যান। (আরও তথ্যসহ ও সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, বাগেরহাট, কুষ্টিয়া ও মানিকগঞ্জ ও ফরিদপুরে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে তিনজন। এছাড়া ঝড়ে গাছ চাপা পড়ে যশোরে এক জন মারা যান। (আরও তথ্যসহ ও সমন্বিত) আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- চাঁপাইনবাবগঞ্জ: সদর ও শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার ভোরে বজ্রপাতে ছয় জন নিহত হন। এরা হলেন সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ইউসুফ মোড়ল ও কালুপুরের আবু সালেহ, শিবগঞ্জ উপজেলার কানসাটের এনামুল হক, নামোটোলার আবদুুস সাত্তার, চরকীর্তি ইউনিয়নের লহালামাড়ির আফতাব, একই ইউনিয়নের রানীবাড়ি গ্রামের সালেহা বেগম। শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দেওয়ান মো. আব্দুস সামাদ ও রানীহাটি ইউনিয়ন পরিষদের সদস্য আলম হোসেন এদের মৃত্যুর বিষয়টি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। বরিশাল: গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চরদিয়াসুর গ্রামে মঙ্গলবার সকালে বজ্রপাতে মারা যান জাহাঙ্গীর হোসেন কবিরাজের স্ত্রী সেলিনা বেগম (৪২) এবং ইউনুছ প্যাদার স্ত্রী হাসিনা বেগম (৩২)। নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সেকান্দার আলী মৃধা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বজ্রপাতের সময় সেলিনা বেগম ও হাসিনা বেগম ঘরের বারান্দায় বসে ছিলেন। মানিকগঞ্জ: সদর উপজেলার পুটাইল গ্রামের সামসুল ইসলাম (২০) ও দৌলতপুর উপজেলা বেগুননার্চি গ্রামের ভোলা খান (৬০) বজ্রপাতে মারা যান। সদর ও দৌলতপুর থানা সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে সামসুল ইসলাম মারা যান। অন্যদিকে, ঘটনার সময় ভোলা খান ঘরের বারান্দায় বসা ছিলেন। কুষ্টিয়া: মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে শরিফুলের(২৫) মৃত্যু হয়। তার বাবার নাম আবদুল কুদ্দুস। এদিকে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের আবদুস সাত্তার (৪৫) ও তার ছেলে মাসুম মঙ্গলবার সকালে বাজারে যাওয়ার সময় বজ্রপাতে আহত হন। এছাড়া একই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী সুফিয়া খাতুন ঘরে কাজ সময় বজ্রপাতে আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট: সোমবার সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের নিকলাপুর গ্রামে বজ্রপাতে সংগীতা দাস (১১) নামে এক স্কুলছাত্রী মারা গেছেন। বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন কুমার দাস জানান, সঙ্গীতা স্থানীয় বেতাগা কালিবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সন্ধ্যায় ঝড়--বৃষ্টির সময় সে ঘরের বারান্দায় বসে ছিল। সেখানেই তার মৃত্যু হয়। ফরিদপুর: চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের পূর্ব সালিপুর গ্রামে বজ্রপাতে এক কৃষক ও তার দুটি গরু মারা গেছে। নিহত কৃষকের নাম শাহীন মুন্সী (২৬)। চরভদ্রাসন থানার উপ--পরিদর্শক শাহআলম জানান, সকাল সাড়ে আটটার দিকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হলে পূর্ব সালিপুর গ্রামের আনিস মুন্সীর ছেলে শাহীন মুন্সী মাঠ থেকে গরু দুটি নিয়ে বাড়ি ফিরে গোয়ালঘরে রাখছিল। এ সময় বজ্রপাত হলে কৃষক শাহীন মুন্সী ও তার দুটি গরু ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। যশোর: মঙ্গলবার সকালে সদর উপজেলার কয়েকটি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ওই সময় শহরতলীর নীলগঞ্জে আকলিমা বেগম (২০) নামে এক তরুণী গাছ চাপা পড়ে মারা যায়। ঝড়ে আহত ছয় জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক এ টি এম শহিদুল ইসলাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/আরএ/এমএআর/এসএনডি/এমআই/১৮৫৩ ঘ.