ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পশ্চিমা লঘু চাপের প্রভাবে মঙ্গলবার ভোর থেকে রাজধানীতে কখনো অঝোর ধারায়, কখনোবা থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বেলা ১টা পর্যন্ত ঢাকায় সূর্যের মুখ দেখা যায়নি। বৃষ্টির দাপটে নগরজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। সকাল থেকে স্কুল ও অফিসগামী মানুষদের পড়তে হয় ভোগান্তিতে।
বৃষ্টির কারণে বেশিরভাগ রাস্তাই ট্রাফিক পুলিশশূন্য হয়ে পড়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। মীরপুরসহ কয়েকটি এলাকার অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সকালের দিকে রাস্তায় যানবাহনও ছিল অনেক কম। এসব কারণে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চাইতে কয়েকগুণ বেশি সময় লাগছে।
গণমাধ্যম কর্মী সোহেল পারভেজ জানান, লালবাগ থেকে সকাল ১১ টায় রওনা হয়ে তিনি ধানমন্ডিতে পৌঁছান সোয়া ১২ টায়। যেখানে স্বাভাবিক পরিস্থিতিতে সময় লাগার কথা বিশ থেকে পঁচিশ মিনিট।
রামপুরার বাসিন্দা অমি রহমান পিয়াল জানান, সকালের দিকে যানজট না থাকলেও গন্তব্যে পৌঁছার গাড়ি পেতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। রাস্তায় হাতেগোনা কিছু সিএনজি অটোরিক্সা থাকলেও তারা মিটারের অতিরিক্ত ভাড়া ছাড়া যেতে রাজি হয়নি।
ঢাকায় আবহাওয়া কার্যালয় জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবেই কয়েকদিনের তাপপ্রবাহ শেষে বৃষ্টি নেমেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আয়েশা খাতুন মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সারাদিন ভারী বর্ষণ না থাকলেও ইলশে গুড়ি বৃষ্টি থাকবে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬১ মিলিমিটার। সোমবার দেশে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঝড়ের কারণে মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের তিনটি পন্টুন ঘাট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে সকাল সাতটা থেকে প্রায় দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি এর আরিচা কার্যালয়ের উপ--মহাব্যবস্থাপক শাহাদাত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল নয়টার মধ্যে পন্টুন তিনটি পুনঃস্থাপন করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/আরএ/এসএনডি/১৩০৪ ঘ.
bdnews24