ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পৃথক ফৌজদারি মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছেন ভোলা ও চাঁপাইনবাবগঞ্জের সাবেক দুই সাংসদ নাজিম উদ্দিন আলম ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান।
রোববার বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। একই বেঞ্চে সাবেক খাদ্যমন্ত্রী চৌধুুরী কামাল ইবনে ইউসুফের অন্তর্বর্তী জামিনও মঞ্জুর করা হয়। একইসঙ্গে এ তিন বিএনপি নেতার কেনো স্থায়ী আগাম জামিন মঞ্জুর করা হবে না, তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুল জারি করেছে আদালত।
গত ১২ মে ভোলা থানায় নাজিমউদ্দিন আলমসহ ১৩ জনের বিরুদ্ধে চর সামারা ইউনিয়নের আবুল কাসেম তাকে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় নাজিমউদ্দিন আলমসহ ১৩ জনেরই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদালত।
নকশা জালিয়াতি করে জমি দখলের মামলায় জামিন পেয়েছেন কামাল ইবনে ইউসুফসহ তিন জন। গত ৩১ মে কামাল ইবনে ইউসুফসহ ১১ জনের বিরুদ্ধে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক সভাপতি আহসানুল হক আলম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/২০১২ ঘ.
bdnews24