২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় জাফরউল্ল্যাহ ৪ দিন রিমান্ডে

সাবেক সাংসদ ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্ল্যাহকে চাঁদাবাজি মামলায় চারদিন রিমান্ডে নিয়েছে পুলিশ। ব্যবসায়ী ও গাজী ট্যাংকের মালিক গাজী গোলাম দস্তগীরের দায়ের করা ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও আদায়ের মামলায় ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে রোববার তাকে হাজির করে ৭ দিন রিমান্ড চাওয়ার ওপর শুনানি হয়। গত ৩১ মে এই রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 01:09 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---সাবেক সাংসদ ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্ল্যাহকে চাঁদাবাজি মামলায় চারদিন রিমান্ডে নিয়েছে পুলিশ। ব্যবসায়ী ও গাজী ট্যাংকের মালিক গাজী গোলাম দস্তগীরের দায়ের করা ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও আদায়ের মামলায় ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে রোববার তাকে হাজির করে ৭ দিন রিমান্ড চাওয়ার ওপর শুনানি হয়। গত ৩১ মে এই রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মহানগর হাকিম আবদুর রউফ খান শুনানি শেষে ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. সালাহউদ্দিন আদালতে পাঠানো রিমান্ড প্রতিবেদনে বলেন, চাঁদাবাজির ঘটনায় কে কে জড়িত, কিভাবে চাঁদার টাকা অভিযুক্তের হাতে গেল, সেই সাথে চাঁদার টাকা উদ্ধারের জন্য অভিযুক্তকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। রিমান্ডের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, আবুল কালাম আজাদ, সাহারা খাতুন, আশরাফুল হক জর্জ প্রমুখ। শুনানির পর হাকিম ৪ দিন রিমান্ড মঞ্জুর করে তাকে সতর্কতার সাথে সম্মানজনকভাবে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। তিনি অসুস্থ হলে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আদেশ দেন। ১৯ মে গুলশান থানার গাজী ট্যাংকের মালিক ও আওয়ামী লীগের নেতা গাজী গোলাম দস্তগীর এ মামলা করেন। এজাহারে বাদি বলেন, ৫০ লাখ টাকা চাঁদা না দিলে তাকে সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন দেওয়া হবে না এবং তার ব্যবসার ক্ষতি করা হবে বলেও বলে হুমকি দেন কাজী জাফরউল্ল্যাহ । এজাহারে জানানো হয়, মোবাইল ফোনে হুমকি পেয়ে বাদি ভয়ে চাঁদা দিতে রাজী হন এবং ২০০৬ সালের ১৩ এপ্রিল ও ৩০ এপ্রিলে ২৫ লাখ করে ৫০ লাখ টাকা অভিযুক্তের বনানীর ১১ নম্বর সড়কের অফিসে নিয়ে গিয়ে অভিযুক্তের হাঁতে তুলে দেন তিনি । ১৮ এপ্রিল কাজী জাফরউল্ল্যাহকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৬ (২) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে তাকে চাঁদাবাজির এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ৩১ মে ৭ দিন রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা । আজ এ রিমান্ড আবেদনের শুনানি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচবি/১৮৫৬ ঘ.