২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের আদর্শগত লক্ষ্য: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, "দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের আদর্শগত লক্ষ্য। কিন্তু বাস্তবমুখী লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতিকে সীমিত পর্যায়ে নিয়ে আসা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 11:44 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, "দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের আদর্শগত লক্ষ্য। কিন্তু বাস্তবমুখী লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতিকে সীমিত পর্যায়ে নিয়ে আসা।" রোববার 'দুর্নীতি প্রতিরোধ এবং শাসন' বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার ওপর এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাসব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। হাসান মশহুদ আশা প্রকাশ করে বলেন, ডেনমার্ক দুর্নীতিমুক্ত দেশ হিসেবে চতুর্থ স্থানে অবস্থান করতে পারলে বাংলাদেশও পারবে তৃতীয় স্থানে আসতে। তিনি বলেন,"শুধু দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে লাভ হবে না। যতক্ষণ না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়। এই মুহূর্তে আমাদের বিবেচ্য হলো বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।" হাসান মশহুদ চৌধুরী ব্রিটিশ শাসনামলের 'অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট' প্রসঙ্গে বলেন, "এই আইনটি সাংবাদিকতার ক্ষেত্রে প্রধান বাধা। কিন্তু সেটা আমাদের সাংবাদিকতাকে স্থবির করে দেয়নি। দুটো বিষয় সমান্তরালভাবেই চলেছে।" প্রায় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত আইনার এইচ জেনসেন, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রেনেটা লক ডেসালিয়েন এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। প্রশিক্ষণের প্রথম দিনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ১২ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিবিসির স্টিফেন হল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /পিসি/