সাভার, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নিখোঁজ হওয়ার পাঁচদিন পর রঙ মিস্ত্রি চান্দু মিয়ার (২২) লাশ শনিবার হেমায়েতপুরের শহীদ রফিক সেতুর নীচ থেকে উদ্ধার করা হয়েছে। চান্দু গত ২৮ মে প্রেমিকা কুলসুম আক্তারের (১৬) সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হন।
চান্দু মিয়া পাবনার আতাইকুলা উপজেলার ধর্মগ্রাম এলাকার জামাল সিকদারের ছেলে।
শনিবার রাত ৮টার দিকে পুলিশ হেমায়েতপুরের শহীদ রফিক সেতুর নীচ থেকে চান্দুর ভাসমান লাশ উদ্ধার করে।
সাভার থানার উপ--পরিদর্শক মনিরুজ্জামান জানান, হেমায়েতপুরের তিব্বত ফ্যাক্টরির শ্রমিক কুলসুম আক্তার গত ২৮ মে বিকালে চান্দু মিয়ার সঙ্গে হেমায়েতপুরের হরিণধরা বিসিক শিল্প নগরীতে বেড়াতে যান। তারা নদীর তীরে বসে গল্প করার সময় স্থানীয় বখাটে মানিক (২৩), মহসিন (২০) ও রিপন (২২) চান্দু মিয়ার হাত--পা বেঁধে ফেলে কুলসুমকে ধর্ষণ করে। ওই দিন থেকেই চান্দু মিয়া নিখোঁজ ছিলেন।
৩১ মে কুলসুম আক্তার চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় একটি মামলা করেন।
উপ--পরিদর্শক মনিরুজ্জামান জানান, শনিবার রাতে শহীদ রফিক সেতুর নিচ থেকে চান্দু মিয়ার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে নতুন কোনো মামলা হয়নি। কুলসুমের ধর্ষণ মামলার সঙ্গে এ অভিযোগটিও যুক্ত করে নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১৪ ঘ.
bdnews24