সাভার, ০২ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাভারে ট্যাক্সিক্যাব ছিনতাই করে পালানোর সময় শুক্রবার রাতে মোবারক হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে তার তিন সহযোগী পালিয়ে গেছে।
মোবারক হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাবো ভূঁইয়া বাড়ী এলাকার লাল মীরের ছেলে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির জানান, মোবারক ঢাকা--আরিচা মহাসড়কের সাভার সিএন্ডবি গেট এলাকার একটি ট্যাক্সিক্যাব ছিনতাইকারী চক্রের সদস্য। শুক্রবার রাত ১২টার দিকে সে তার তিন সহযোগীকে নিয়ে মগবাজার থেকে একটি হলুদ ট্যাক্সিক্যাব ভাড়া করে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। ক্যাবটি সাভারের গেণ্ডা এলাকায় পৌঁছালে তারা অস্ত্রের মুখে চালক আব্দুল হালিমের কাছ থেকে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর গাড়ির ভেতরেই আব্দুল হালিমের হাত--পা বেধে ট্যাক্সিক্যাব নিয়ে নবীনগরের পথে রওনা দেয় তারা।
ট্যাক্সিক্যাবটি সাভারের সিএন্ডবি এলাকায় পৌঁছালে টহল পুলিশ দেখে চালক আ. হালিম চিৎকার করে ওঠেন। এসময় তিন ছিনতাইকারী ট্যাক্সি থামিয়ে পালিয়ে গেলেও মোবারক হোসেন পুলিশের হাতে ধরা পড়ে।
আবুল খায়ের ফকির জানান, মোবারক হোসেন জিজ্ঞাসাবাদে ট্যাক্সিক্যাব ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে তার তিন সহযোগীর নাম ঠিকানাও দিয়েছে।
এরা হচ্ছে ইমান্দিপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে অসির উদ্দিন (২৭), নামা গেন্না এলাকার মিরাজ উদ্দিনের ছেলে লোকমান হোসেন (২৮) ও ব্যাংক টাউন এলাকার কনক (২৮)।
শনিবার দুপুরে ট্যাক্সিচালক আ. হালিম বাদী হয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএফ/জেকে/১৯০৫ ঘ.
bdnews24