ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি টেম্পুর সংঘর্ষে শনিবার দুজন নিহত হয়েছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাস খাদে পড়ে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
আমাদের পাবনা প্রতিনিধি জানান, শনিবার দুপুরে শহরের লাইব্রেরি বাজার মোড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়।
পাবনার পুলিশ সুপার মাসুদ রব্বানী জানান, দুর্ঘটনায় খোরশেদ আলম (৩০) এবং অজ্ঞাত পরিচয় (২১) দুই টেম্পুযাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অপর সাত জন আহত হন।
লাশ দুটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাবনা থানায় মামলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উড়শিউড়ায় কুমিল্লা--সিলেট মহাসড়কে শনিবার বিকেলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ২৫ জন আহত হন।
দুর্ঘটনায় আহত বাসযাত্রী রামরাইল গ্রামের ফুল মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, বাসটি দ্রুত গতিতে চলছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তা রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত চার জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর দুজনকে ঢাকায় পাঠানো হয়।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৮ ঘ.
bdnews24