২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানার পুকুরে মদের বোতল-- মটর সাইকেল

কর্ণফুলী থানার পুকুর থেকে ৫৭ বোতল বিদেশি মদ ও দুটি মটর সাইকেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে এ সব জিনিস উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. আশিকুল হক ভুঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 12:08 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কর্ণফুলী থানার পুকুর থেকে ৫৭ বোতল বিদেশি মদ ও দুটি মটর সাইকেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে এ সব জিনিস উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. আশিকুল হক ভুঁইয়া। তিনি জানান, থানা চত্বরে চোরাই মাল আছে-- গোপন সূত্রে এমন খবর পেয়ে রাত আটটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় থানা ভবনের সব কক্ষ, ছাদ এবং পুরো চত্বরে তল্লাশি চালানো হয়। কোথাও চোরাই মাল না পেয়ে শেষে পুকুরে ডুবুরি নামানো হয়। আর ডুবুরিরাই তুলে আনেন তিন বস্তাভর্তি মদ ও দুটি মটর সাইকেল। খবর পেয়ে পুলিশ কমিশনার মাইনুর রহমান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (বন্দর) জি এম আজিজুর রহমানকে প্রধান করে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। চোরাই মদ ও মটর সাইকেলের সঙ্গে থানার কেউ জড়িত কিনা-- জানতে চাইলে আশিকুল হক জানান, কেউই সন্দেহের বাইরে নয়। তদন্ত কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে। প্রতিবেদন এলেই বোঝা যাবে, কারা জড়িত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৭৫৪ ঘ.