জামালপুর, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জামালপুরের মাদারগঞ্জে শুক্রবার রাতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় হানিফ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
পুলিশ জানায়, চর লোটাবর গ্রামের কৃষক আবেদ আলীর সঙ্গে একই গ্রামের লঠিয়াল বাহিনীর সর্দার হোসেন মণ্ডলের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।
কৃষক আবেদ আলীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বৃহস্পতিবার হোসেন মণ্ডল তার লাঠিয়াল বাহিনী দিয়ে তাদের জমির পাকা ধান কেটে নিয়ে যান। পরে শুক্রবার রাতে অন্য একটি জমিতে ধান পাহারা দেওয়ার সময় হানিফকে একা পেয়ে লাঠিয়ালরা উপুর্যপরি ছুরিকাঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আ. হাকিম জানান, তারা রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
এ ব্যাপারে মাদারগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১২৫১ ঘ.
bdnews24