২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫২টি সেনাক্যাম্প প্রত্যাহারের বিষয়টি জানেন না সন্তু লারমা

তিনটি পার্বত্য জেলা থেকে ১৫২টি অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছে বলে সরকারি দাবি সম্পর্কে কিছুই জানেন না পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তিনটি পার্বত্য জেলা থেকে ১৫২টি অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছে বলে সরকারি দাবি সম্পর্কে কিছুই জানেন না পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'সেনাক্যাম্প প্রত্যাহারের খবর আমার জানা নেই।" দীর্ঘ সাত বছর পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে কমিটির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের জানান, শান্তি চুক্তির আওতায় তিনটি পার্বত্য জেলার ৫৩৪টি সেনাক্যাম্পের মধ্যে এ পর্যন্ত ১৫২টি ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। এই প্রত্যাহার কার্যক্রম অব্যাহত রয়েছে। কিন্তু এর পরই সন্তু লারমা সাংবাদিকদের বলেন, "১৫২টি অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহারের বিষয়টি আমার জানা নেই। সরকারের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি।" তবে এ সময় তিনি সাংবাদিকদের বার বার মনে করিয়ে দেন-- পার্বত্য চট্টগ্রামবিষয়ক কমিটির সদস্য নয়, তিনি কথা বলছেন জনসংহতির সভাপতি হিসেবে। তিনি আরও বলেন, "অনেক আগে ৩৩টি অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছিল বলে আমি জানি।" বৈঠকের পর সন্তু লারমা বলেন, "২০০১ সালের ভূমি কমিশন আইনের সংস্কার করার কথা ছিল। সেটা এখনও হয়নি। শেখ হাসিনা সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটির দুটি বৈঠক হয়েছিল। প্রতি দুইমাসে কমিটির একটি করে বৈঠক হওয়ার কথা থাকলেও প্রথম দুটির পর গত সাত বছরে আর কোনো বৈঠক হয়নি।" বৈঠক সম্পর্কে উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বলেন, "সেখানে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনা, শান্তি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও এ বিষয়ে উপদেষ্টা কমিটির কার্যপদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।" তবে বৃহস্পতিবারের বৈঠকে সুর্নিদিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান। রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ম্যামাচিং ও রাঙামাটির চিফ সার্কেল দেবাশিষ রায় এ বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এএল/জেকে/এসএনডি/১৯১৮ ঘ.